স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া সদর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ কে ঠেকাতে আবারও মিছিল করেছে বিএনপির বহিস্কৃত নেতা-কর্মী ও সমর্থকরা। সোমবার বিকেল ৪টার দিকে মালতীনগর থেকে মিছিলটি দলীয় কার্যালয়ে যাওয়ার চেষ্টা করলে জেলা প্রশাসকের বাংলোর মোড়ে পুলিশ আটকে দেয়। জানাগেছে, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ সোমবার বেলা ৩টায় দলীয় কার্যালয়ে কর্মসূচি ঘোষণা করেন। এই সংবাদ বহিস্কৃত নেতা, কর্মী ও সমর্থকরা জানতে পেরে তারাও দলীয় কার্যালয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। এনিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিলে জেলা বিএনপি অফিস ছাড়াও বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়। বিকেল ৪টার দিকে সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ নেতাকর্মীর বহর নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন। এ খবর জানতে পেরে শহরের মালতি নগর এলাকা থেকে বিদ্রোহী গ্রুপের তিন শতাধিক নেতাকর্মী হাতে লাঠি নিয়ে শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের দিকে অগ্রসর হতে থাকে। মিছিলটি জেলা প্রশাসকের বাংলোর মোড়ে পৌঁছুলে পুলিশ বাঁধা দেয়। বাঁধা পেয়ে নেতা-কর্মীরা সেখানেই বিক্ষোভ সমাবেশ করে। উল্লেখ্য, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের দেড় বছরে ২৩ জন নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা এজন্য জেলা বিএনপির আহ্বায়ক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজকে দায়ী করে তাকে বগুড়ায় প্রতিহত করার ঘোষণা দেয়। বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, বিদ্রোহী গ্রুপ দলীয় কার্যালয়ে আসলে সহিংসতার আশঙ্কা ছিল। একারণে তাদেরকে আটকে দেওয়া হয়।