স্টাফ রিপোর্টার, ঢাকা
আগামী ১৫ আগস্টের পর পর্যায়ক্রমে সব আন্তঃনগর ট্রেন চালু করবে বাংলাদেশ রেলওয়ে। রবিবার (৯ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম এ তথ্য জানান।
এর আগে করোনা সংক্রমণের কারণে ২৫ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। তবে মালবাহী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ৩১ মে থেকে ৫০ ভাগ আসন ফাঁকা রেখে সীমিত পরিসরে কয়েকটি আন্তঃনগর ট্রেন চলু করে রেলওয়ে। যা এখনও চলমান রয়েছে।
গত ৩১ মে থেকে আট জোড়া ট্রেন ঢাকা থেকে বিভিন্ন রুটে ট্রেন ছেড়ে যাওয়া শুরু করে। ৩ জুন থেকে আরও ১১ জোড়া ট্রেন চলাচল শুরু হয়।
সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ট্রেনের টিকেট অনলাইনে বিক্রি করা হতো। যাত্রা শুরুর পাঁচ দিন আগে টিকেট সংগ্রহ করা যায়। টিকেট ছাড়া কেউ স্টেশনে প্রবেশ করতে পারতেন না। এছাড়া ট্রেনের ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হত। এরই ধারাবাহিকতায় এবার আগামী ১৫ আগস্টের পর পর্যায়ক্রমে সব আন্তঃনগর ট্রেন চালু হতে যাচ্ছে।