স্টাফ রিপোর্টার, ঢাকা
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম সুজন।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
আগামীকাল বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মেয়র আ জ ম নাছির উদ্দিনের শেষ কর্মদিবস। এর আগেই আজ মঙ্গলবার এলজিআরডিমন্ত্রী মো. তাজুল ইসলাম প্রসাশক নিয়োগের কথা জানালেন।
আ জ ম নাছির চট্টগ্রামের মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ২০১৫ সালে ৬ আগস্ট। সে হিসাবে এ সিটির বর্তমান পর্ষদের মেয়াদ শেষ হচ্ছে ৫ আগস্ট।
মেয়াদপূর্তির ১৮০ দিনের মধ্যে চট্টগ্রাম সিটির নির্বাচন করতে ২৯ মার্চ ভোটের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তবে করোনার কারণে তা স্থগিত করা হয়।