স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় আরও ৩২জন করোনায় আক্রান্ত এবং নতুন করে একজনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত ৩২জনের মধ্যে পুরুষ ২৭জন, ৪জন নারী এবং বাদবাকি একজন শিশু।
সোমবার সকাল ১১টার দিকে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেন বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম নির্ঝর।
তিনি জানান, জেলায় বর্তমানে ৪ হাজার ৯২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর নতুন করে ২০ জন সুস্থ হওয়ায় সুস্থতার সংখ্যা বেড়ে ৩হাজার ৪৪৮জনে দাঁড়িয়েছে। তবে ২আগস্ট সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় করোনায় একজন মারা যাওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ১০৭ জনে দাঁড়িয়েছে। মারা যাওয়া ওই ব্যক্তির বাড়ি শাজাহানপুর উপজেলায়। তার বয়স ৪৬ বছর।
জেলা স্বাস্থ্য দপ্তরের নিয়মিত ওই ব্রিফিংয়ে জানানো হয়, ২আগস্ট, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ৭০টি নমুনায় ১৮জনের পজিটিভ এবং বেসরকারি টিমসি ল্যাব থেকে বগুড়ার ৩১টি নমুনায় ১৪জনের পজিটিভ এসেছে।
নতুন আক্রান্ত ৩২জনের উপজেলাভিত্তিক তথ্য বিশ্লেষণে সদরে ২৬জন, শিবগঞ্জে ৩জন, গাবতলীতে ২জন এবং আদমদীঘিতে একজন।
ডা. ফারজানুল ইসলাম নির্ঝর আরও জানান, নতুন করে আক্রান্ত ৩২ জনের তেমন কোনো উপসর্গ না থাকায় তাদেরকে নিজ নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। তবে প্রয়োজন হলে তাদেরকে হাসপাতালে যেতে বলা হয়েছে।