স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় আরও ৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১০৮ জন এবং মারা গেছেন এক জন। বুধবার সকাল ১১ টার দিকে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম নির্ঝর অনলাইন ব্রিফিংয়ে জানান, নতুন করে আক্রান্ত ৬১ জনের তেমন কোনো উপসর্গ না থাকায় তাদেরকে নিজ নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। অবশ্য প্রয়োজন পড়লে তাদেরকে হাসপাতালে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি জানান, এ পর্যন্ত জেলায় মোট ৪ হাজার ৬৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩ হাজার ১০৫ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ১০২ জন।
জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র জানান, ২৮ জুলাই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ৪৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে বগুড়ার ২৭টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ১৬টি।
ব্রিফিংয়ে জানানো হয়, গত ১ এপ্রিল বগুড়ায় প্রথম একজনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। তার পর ২৮ জুলাই পর্যন্ত জেলায় মোট ২৬ হাজার ৯০৬টি নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে ২৪ হাজার ৫৫৪টির ফলাফল পাওয়া গেছে।