শিরোনাম :

সাহেদকে খুলনায় নেওয়া হচ্ছে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৭ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমকে খুলনায় নেওয়া হচ্ছে। সেখানে ১০ দিনের রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করবে র‌্যাব-৬।

 

 

সোমবার সকালে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, সাতক্ষীরার দেবহাটাতে সাহেদ করিমের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলায় কেন্দ্রীয় কারাগার থেকে খুলনায় র‌্যাব-৬ এর কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হবে। সেখানে অস্ত্রের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই মামলার রিমান্ড শেষে উত্তরা পশ্চিম থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা জালনোটের মামলায় আদালতে তার রিমান্ড চাওয়া হবে।

 

আশিক বিল্লাহ বলেন, র‌্যাব বাদী হয়ে সাহেদের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করেছে। প্রতারণার অভিযোগে প্রথম মামলা দায়ের হয় উত্তরা পশ্চিম থানায়, দ্বিতীয় মামলা (অস্ত্র) সাতক্ষীরার দেবহাটাতে এবং তৃতীয় মামলা জালনোট উদ্ধারের বিষয়ে উত্তরা পশ্চিম থানা মামলা দায়ের করা হয়। ৩টি মামলা তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় র‌্যাবকে অনুমতি দিয়েছে। রিমান্ড শেষে অস্ত্রের বিষয়ে বিস্তারিত তথ্য আমরা জানাতে পারবো।

 

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, সাহেদের বিরুদ্ধে দায়ের করা প্রতারণার মামলায় আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই মামলায় গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে রিমান্ডে নেয়। রিমান্ডের ৬ষ্ঠ দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গোয়েন্দা পুলিশ সাহেদকে র‌্যাবের কাছে হস্তান্তর করে। পরবর্তী সময়ে আদালতের নির্দেশে তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

 

প্রসঙ্গত, গত ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে ভুয়া রিপোর্ট দেয়ার মামলায় রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023