স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় নতুন করে ৫০জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪২০জনে দাঁড়ালো।
শুক্রবার সকালে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ব্রিফিংয়ে এ তথ্য উল্লেখ করে জানানো হয়, ২৩জুলাই বগুড়ায় পরীক্ষা করা ২১৫টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০জন। এর মধ্যে পুরুষ ৩৫জন, নারী ১২জন এবং বাকি ৩জন শিশু।
নতুন আক্রান্ত ৫০জনের বয়সভিত্তিক বিশ্লেষণে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে ২২জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১০জন, ৫১ থেকে ৭০ বছরের মধ্যে ১৫জন রয়েছেন।
গত ১ এপ্রিল বগুড়ায় প্রথম একজনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। সেই থেকে ২৩ জুলাই পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৫হাজার ৬১৭টি। এর মধ্যে ২৩হাজার ৪৫৩টির ফলাফল এসেছে।
বগুড়ার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম অনলাইন ব্রিফিংয়ে জানান, জেলায় করোনা আক্রান্তদের মধ্যে নতুন করে আরও ১৮৪জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট দুই হাজার ৭৫৯জন সুস্থ হলেন। একই সময়ে জেলায় নতুন করে আরও একজন মারা যাওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ৯১জনে দাঁড়িয়েছে।
তিনি জানান, ২৩জুলাই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৯০টি নমুনায় ৪৩জনের পজিটিভ এসেছে। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে বগুড়ার ২৫টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ৮টি। তবে একজনের রিপিট পজিটিভ আসায় নতুন আক্রান্তের তালিকা থেকে বাদ পড়েছে।
নতুন আক্রান্ত ৫০জনের মধ্যে সদরে ৩৮জন, শাজাহানপুর ৮জন, নন্দীগ্রামে ২জন, শেরপুরে ও দুপচাঁচিয়ায় একজন করে রয়েছেন।
ডা. ফারজানুল ইসলাম আরও জানান, নতুন করে আক্রান্ত ৫০জনের তেমন কোনো উপসর্গ না থাকায় তাদেরকে নিজ নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। তবে যদি প্রয়োজন হয় তাহলে আক্রান্তদের হাসপাতালে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে।