স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় নতুন করে ৫৫জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭১১জনে দাঁড়ালো।
রোববার সকালে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ব্রিফিংয়ে এ তথ্য উল্লেখ করে জানানো হয়, ১১জুলাই বগুড়ায় পরীক্ষা করা ২৬২টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৫জন। এর মধ্যে পুরুষ ৪৩জন, নারী ৯জন এবং বাকি ৩জন শিশু।
গত ১ এপ্রিল বগুড়ায় প্রথম একজনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। সেই থেকে ১১ জুলাই পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২২হাজার ১৬৮টি। এর মধ্যে ১৯হাজার ৭৪২টির ফলাফল এসেছে।
বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান অনলাইন ব্রিফিংয়ে জানান, জেলায় করোনা আক্রান্তদের মধ্যে নতুন করে আরও ৭৮জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট এক হাজার ৭৭৭জন সুস্থ হলেন। তবে একই সময়ে করোনা আক্রান্ত হয়ে আরও তিনজন মৃত্যুবরণ করায় মোট মৃত্যুর সংখ্যা এখন ৭০জনে দাঁড়িয়েছে।
তিনি জানান, ১১জুলাই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ২৯ জনের পজিটিভ এসেছে। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে বগুড়ার ৭৪টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ২৬টি।
নতুন আক্রান্ত ৫৫জনের মধ্যে সদর ৪৯, সারিয়াকান্দি ২, সোনাতলা, দুপচাঁচিয়া, গাবতলী ও কাহালু একজন করে রয়েছেন।
ডা. মোস্তাফিজুর রহমান আরও জানান, নতুন করে আক্রান্ত ৫৫ জনের তেমন কোনো উপসর্গ না থাকায় তাদেরকে নিজ নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। তবে যদি প্রয়োজন হয় তাহলে আক্রান্তদের হাসপাতালে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে।