স্টাফ রিপোর্টার, বগুড়া
করোনায় আক্রান্ত হয়ে বগুড়ায় সাইদুজ্জামান তারা (৭০) নামে আরও এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে মোহাম্মদ আলী হাসপাতালে তার মৃত্যু হয়। সাইদুজ্জামান তারা ১৯৭১ সালে রণাঙ্গণের একজন যোদ্ধা ছিলেন। বীর এই যোদ্ধা মৃত্যুর পূর্ব পর্যন্ত সেক্টর কমান্ডারস্ ফোরামের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বগুড়া থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক হাতিয়ার’-এর নির্বাহী সম্পাদক ছিলেন।এর আগে করোনায় আক্রান্ত হয়ে গত ৪ জুন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আরেক প্রবীণ সাংবাদিক মোজাম্মেল হক তালুকদার মারা যান।
বগুড়া মোহাম্মদ আলী হাসপতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. খায়রুল বাশার মোমিন জানান, শহরের সুত্রাপুরের বাসিন্দা সাইদুজ্জামান তারা ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভূগছিলেন। ক’দিন আগে তার শ্বাসকষ্ট শুরু হলে গত ২৪ জুন বুধবার তিনি পরীক্ষার জন্য নমুনা দেন। এরপর ২৫ জুন বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে তাকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে সাইদুজ্জামান তারার অক্সিজেনের মাত্রা অস্বাভাবিক কমে ৩০-এ নেমে আসে। শুক্রবার রাত ৯টার দিকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়ার সময় তিনি মৃত্যুবরণ করেন। তবে এর আগে শুক্রবার বিকেলেই তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন জানান, সাইদুজ্জামান তারা বগুড়া থেকে ১৯৭২সালে প্রকাশিত ‘দৈনিক বাংলাদেশ’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন।বগুড়া প্রেসক্লাবের প্রবীণ এই সদস্য পরবর্তীতে একাধিক দৈনিকে কাজ করেছেন। বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ জানান, মৃত্যুর আগ পর্যন্ত সাইদুজ্জামান তারা বগুড়া থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক হাতিয়ার’ পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন। এছাড়া তিনি মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারস্ ফোরামের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুতে বগুড়া প্রেসক্লাব ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।