স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী হতদরিদ্র, দুস্থ, অসহায় ও কর্মহীন খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য অতিদ্রুত উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে ত্রাণ কমিটি করার জন্য সংশ্লিষ্ট সাংগঠনিক শাখাগুলোকে নির্দেশ প্রদান করেছেন।
ত্রাণ কমিটিকে তালিকা প্রস্তুত ও সেই অনুযায়ী ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজে প্রশাসনকে সহযোগিতা করা, স্বাস্থ্যবিধি মেনে জনগণকে সচেতন করা এবং যে কোন মানবিক প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের নিজস্ব অর্থায়নে ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান। সরকারী চাল আত্মসাত ও অনিয়মের অভিযোগে এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করায় গাবতলীর মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী ও নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আনছার আলীকে সংগঠন থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
সেই সাথে গাবতলীর মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি(১) হাফিজার রহমান টোনাকে ভারপ্রাপ্ত সভাপতি ও নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি(১) মোজাহার আলীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের বহিস্কারের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট সুপারিশ প্রেরণ করা হয়েছে।