নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া মুসলমান ব্যক্তির কাফন, জানাযা ও দাফন নিশ্চিত করতে টিম গঠন করেছে বগুড়ার নন্দীগ্রামে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা)। উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, কেন্দ্রের নির্দেশ মোতাবেক উপজেলার বীরপলি আস-হাবে সুফ্ফাহ দাখিল মাদ্রাসার সুপার ও হাজারকি মুন্সিপাড়া জামে মসজিদের ইমাম মুফতি শেখ শাহজাহানকে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট উপজেলা কাফন, জানাযা ও দাফন টিম গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- থানা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুর রাজ্জাক, স্টাফ কোয়াটার জামে মসজিদের ইমাম হাফেজ কারী মাওলানা শাহজালাল, কারী আব্দুল জলিল ও বৈলগ্রাম জামে মসজিদের ইমাম মাওলানা সোহরাব হোসেন।
ইসলাম ধর্মের বিধান মোতাবেক মুসলমান ব্যক্তি মারা গেলে কাফন, জানাযা ও দাফনের বিধান রয়েছে। কিন্তু করোনা ভাইরাস ছোঁয়াছে রোগ হওয়ায় বর্তমানে এ ভাইরাস সংক্রমণে কোন মুসলমান মারা গেলে জনসাধারণ তার কাফন, জানাযা ও দাফনে অংশগ্রহন করতে ভয় পাচ্ছেন। তাই করোনা ভাইরাস সংক্রমণে কোন মুসলমান মারা গেলে এই টিম তার কাফন, জানাযা ও দাফনের ব্যবস্থা করবেন।
জানতে চাইলে নন্দীগ্রাম উপজেলা ফিল্ড সুপার ভাইজার শফিক মাহমুদ বলেন, ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী করোনায় মৃতদের কাফন, জানাযা ও দাফন টিম গঠন করা হয়েছে। এই উপজেলায় করোনা ভাইরাসে কেউ মারা গেলে তার কাফন, জানাযা ও দাফনের ব্যবস্থা করবে গঠিত টিম।