স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় ২৫৭টি নমুনা পরীক্ষায় ৪৮জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৩ হাজার ৬৫৬জন করোনায় আক্রান্ত হয়েছেন।
শনিবার সকালে জেলা স্বাস্থ্য দপ্তরের ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা. ফারজানুল হক সকাল ১১টায় অনলাইন ব্রিফিংয়ে জেলার দু’টি পিসিআর ল্যাবে ১০ জুলাই করা করা ২৫৭টি নমুনার ফলাফল বিশ্লেষণ করেন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ২৩ জনের পজিটিভ এসেছে। আর বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে ৬৯টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ২৫টি।
ডা. ফারজানুল হক জানান, বগুড়া জেলায় করোনা আক্রান্তদের মধ্যে ৯ জুলাই সকাল ১১টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় নতুন করে আরও ৮২জন সুস্থ হয়েছেন। ফলে জেলায় এ পর্যন্ত মোট ১ হাজার ৬৯৯ জন সুস্থ হলেন। তবে একই সময়ে করোনা আক্রান্ত হয়ে আরও একজন মৃত্যুবরণ করায় মোট মৃতের সংখ্যা এখন ৬৭ জনে দাঁড়িয়েছে।
ব্রিফিংয়ে জানানো হয়, গত ১ এপ্রিল বগুড়ায় প্রথম একজনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। সেই থেকে ১০ জুলাই পর্যন্ত জেলায় মোট ২১ হাজার ৮৩৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ১৯ হাজার ৪৮০টির ফলাফল পাওয়া গেছে।
ডা. ফারজানুল আরও জানান, নতুন করে আক্রান্ত ৪৮ জনের তেমন কোনো উপসর্গ না থাকায় তাদেরকে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। তবে যদি প্রয়োজন হয় তাহলে তাদেরকে হাসপাতালে যোগাযোগ বলতে বলা হয়েছে।