মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট : চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর নানা আলোচনা-সমালাচনার পথ ধরে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেললেন মুশফিকুর রহিম। ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান। সামাজিক মাধ্যমে বুধবার রাতে বিদায়ের ঘোষণা জানান ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান।
২০২২ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন তিনি এভাবেই সামাজিক মাধ্যমে জানিয়ে। ওয়ানডে থেকে তার বিদায়ে শেষ হলো বাংলাদেশ ক্রিকেটের একটি অধ্যায়ের। সেখানে গৌরব, অর্জন, প্রাপ্তি যেমন আছে, তেমনি আছে কিছু ব্যর্থতা আর হতাশার ছোঁয়াও।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে প্রথম বলেই আউট হন মুশফিক। পরের ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে বিদায় নেন ২ রানে। এই ম্যাচে তার আউট হওয়ার ধরন প্রবল প্রতিক্রিয়ার জন্ম দেয় দেশের ক্রিকেটে। প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বাংলাদেশ। দলের ব্যর্থতায় আঙুল ওঠে অভিজ্ঞতম ব্যাটসম্যান মুশফিকের দিকে।