ইউক্রেনকে আরও ২৫ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, এই সহায়তার আওতায় যুদ্ধ সরঞ্জাম ও মাইন সরানোর যন্ত্র দেওয়া হবে। চলতি গ্রীষ্মে ইউক্রেনীয় সেনারা রুশ প্রতিরক্ষা ভেদ করতে হিমশিম খাচ্ছে। স্থলমাইন ও বেড়া ভেঙে আক্রমণ সুসংহত করতে পারছে না কিয়েভ।
এক বিবৃতিতে পেন্টাগন জানায়, এই সহায়তায় রুশ আগ্রাসন মোকাবিলা ও ইউক্রেনীয় জনগণকে রক্ষা করতে কিয়েভকে সহায়তা করবে। এই সহায়তায় আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, আর্টিলারি, অ্যান্টি আরমর মিসাইল এবং ত্রিশ লাখেরও বেশি গুলি থাকবে বলে জানা গেছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকেই সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। পশ্চিমা অন্যান্য দেশগুলোও ইউক্রেনের পাশে দাঁড়ালেও রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনের মূল শক্তি ছিল যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত কোটি কোটি ডলার সামরিক সহায়তা দিয়েছে তারা।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমি যুক্তরাষ্ট্রের কাছে, বিশেষ করে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আমি কৃতজ্ঞ। স্বাধীনতার জন্য সুরক্ষা প্রয়োজন। আর এই সুরক্ষা আরও শক্তিশালী হচ্ছে।