সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

সুপ্রিম কোর্ট ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন শুনানিকে কেন্দ্র করে এ অবস্থান নেয়া হয়েছে। দেখা গেছে, সুপ্রিম কোর্টের প্রতিটি গেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

রোববার (৮ জানুয়ারি) সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যারাই এসেছেন তাদের থামিয়ে পরিচয় নিশ্চিত করে ঢুকতে দিচ্ছে পুলিশ। এছাড়া আদালত প্রাঙ্গণে পুলিশের বাড়তি সদস্যের উপস্থিতি দেখা গেছে। সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে এ বিষয়ে হাইকোর্টের রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে, মঙ্গলবার (৩ জানুয়ারি) মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট। পরদিন জামিনাদেশ স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত জামিন স্থগিত করে ৮ জানুয়ারি শুনানির জন্য দিন ধার্য করেন।

 

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন অনেকে।

সংঘর্ষের ঘটনার পর ৪৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করে পল্টন মডেল থানায় মামলা করে পুলিশ।

এরপর ৮ ডিসেম্বর দিনগত রাতে নিজ বাসা থেকে ফখরুল ও আব্বাসকে আটক করে ডিবি পুলিশ। পরদিন (৯ ডিসেম্বর) সংঘর্ষের ঘটনায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে উসকানিদাতা, পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে। এরপর কারাগারে পাঠানো হয় তাদের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023