বিএনপি দলীয় এমপিদের পদত্যাগে শূন্য হওয়া বগুড়ার দুই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। তফশিল অনুযায়ী উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার।
এদিন দুপুরে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের হাতে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। সকাল থেকে মনোনয়নপত্র জমা নেয়ার কাজ শুরু হয়। চলে বিকেল চারটা পর্যন্ত।
মনোয়নপত্র জমার বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান।
দুপুরে বগুড়া-৬ আসনের নৌকার মনোনীত প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু জেলা প্রশাসনের কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, সহসভাপতি ডা. মকবুল হোসেন, টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলুসহ একাধিক দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় রাগেবুল আহসান রিপু বলেন, নেত্রী শেখ হাসিনা আমাকে বগুড়াবাসীর জন্য মনোনীত করেছেন। তিনি বগুড়ার করতোয়া নদী নিয়ে কথা বলেছেন ভারতের সঙ্গে। বগুড়ার অর্থনৈতিক জোন নিয়ে কথা বলেছেন। এই সবগুলো কাজ আটকে আছে মামলা মোকদ্দমার মধ্যে। এই সংসদীয় আসনের মেয়াদ এক বছর। কিন্তু বগুড়ার এসব কাজ সম্পন্ন করার জন্য এই একটি বছর যথেষ্ট।
বগুড়া-৪ আসনের ১৪ দলীয় মনোনীত প্রার্থী বগুড়া জেলা জাসদের সভাপতি একেএম রেজাউল করিম তানসেন
বগুড়া-৪ আসনের ১৪ দলীয় মনোনীত প্রার্থী বগুড়া জেলা জাসদের সভাপতি একেএম রেজাউল করিম তানসেন
বেলা একটার দিকে মনোনয়ন জমা দেন বগুড়া-৪ আসনের ১৪ দলীয় মনোনীত প্রার্থী বগুড়া জেলা জাসদের সভাপতি একেএম রেজাউল করিম তানসেন। মনোনয়ন জমা দেয়ার সময় জেলা জাসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
রেজাউল করিম তানসেন বলেন, বিগত সময়ে বগুড়া-৪ আসনের এমপি হিসেবে এলাকার বিদ্যুতায়ন, রাস্তা-ঘাটের উন্নয়ন, স্কুল-কলেজ সরকারিকরণ করেছি। এবারও আমাকে ১৪ দল থেকে মনোনীত করা হয়েছে। আগামীতেও আমি সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বগুড়া-৬ আসনে মনোনয়নপত্র তুলেছেন মোট ১৩ জন। আর বগুড়া-৪ আসনে সংগ্রহ করেছিলেন ৯ জন। তারা প্রত্যেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বগুড়া-৬ আসনে নৌকার প্রার্থী ছাড়া অন্য মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন, জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর, জাসদের ইমদাদুল হক ইমদাদ, গণফ্রন্টের আফজাল হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মনসুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সরকার বাদল, আব্দুল মান্নান আকন্দ সৈয়দ কবির আহম্মেদ মিঠু, হিরো আলম, রাকিব হাসান, মাছুদার রহমান মিলন, বাংলাদেশ খেলাফতে আন্দোলনের প্রার্থী মো. নজরুল ইসলাম, জাকের পার্টির প্রার্থী মো. ফয়সাল বিন শফিক।
৪ আসনের অন্য মনোনয়নজমাদানকারীরা হলেন জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল, স্বতন্ত্র গোলাম মোস্তফা, ইলিয়াস আলী, কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, আব্দুর রশিদ, জাকের পার্টির আব্দুর রশিদ সরদার, বাংলাদেশ কংগ্রেসের তাজ উদ্দীন মণ্ডল।
জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসে মোট ২২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা বিএনপির পাঁচ সংসদ সদস্যের শূন্যঘোষিত আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ পাঁচ আসনে আগামী ১ ফেব্রুয়ারি বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গত বছরের ১০ ডিসেম্বর বিকেলে রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় সাতজন এমপির পদত্যাগ ঘোষণা আসে। পরদিন ১১ বিএনপির ছয়জন সংসদ সদস্য স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। একজন দেশের বাইরে ছিলেন। তিনি পরে জমা দেন পদত্যাগপত্র।
এই সাত সংসদ সদস্যের মধ্যে রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসনের। বাকি ছয়টি আসনে হচ্ছে উপনির্বাচন।
তফসীল অনুযায়ী- শূন্য আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৫ জানুয়ারি। যাচাই-বাছাই ৮ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারি। আগামী ১ ফেব্রুয়ারি সবকটি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।