গতকাল শনিবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ খড়ের পালায় অগ্নি সংযোগ সহ অটোভ্যান চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলা গুনাহার ইউনিয়নের বেড়াগ্রাম ফকিরপাড়ার আলতাফ আলীর ছেলে এমদাদুল হকের কাছে গত মঙ্গলবার থেকে পর পর তিন দিন বেনামি চিঠি দিয়ে ২ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তার এবং তার বড় ভাই জাহিদুর রহমানের বাড়ির সামনের খোলায় রক্ষিত ৬টি খড়ের পালায় অগ্নি সংযোগের হুমকিও দেয়। চিঠিতে চাঁদার টাকা স্থানীয় একটি দোকানের নিচে রাখার কথাও উল্লেখ করে। এমদাদুল হক বিষয়টি তার বড় ভাইসহ প্রতিবেশীদের জানায় এবং পালাক্রমে খড়ের পালাগুলো আড়ালে ওৎ পেতে পাহাড়া দিতে থাকে। ঘটনার দিন গত শনিবার রাত সোয়া ১টায় তিন-চারজন ব্যক্তিকে খড়ের পালার দিকে আসতে দেখে। এ সময় আটুইল গ্রামের আব্দুল খালেকের ছেলে আবুল কাশেম (৪১) গ্যাস লাইট দিয়ে খড়ের পালায় আগুন লাগানোর সময় তাকে হাতে নাতে ধরে ফেলে। অপর তিন-চারজন দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আবুল কাশেমকে গ্রেফতার সহ বেনামি চিঠিগুলো জব্দ করেন। এ বিষয়ে এমদাদুল হক নিজেই বাদী হয়ে দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো দু’তিন জনের বিরুদ্ধে থানায় মামলা দিয়েছে। অপর দিকে কাহালু বীরকেদার ফকিরপাড়ার আজিজার রহমান ফকিরের ছেলে বেতাব আলী একজন অটোভ্যান চালক। অটোভ্যান চালিয়ে সে জীবন জীবিকা নির্বাহ করে। গত শনিবার সকালে তার ছেলে জাহাঙ্গীর আলম (১৩) অটোভ্যান নিয়ে দুপচাঁচিয়া থানাবাস স্ট্যান্ডে আসে এ সময় নওগাঁর মান্দা পাকুরিয়া পূর্বপাড়ার মৃত জদু মন্ডলের ছেলে আজাহার আলী (২৮) তালোড়ায় যাওয়ার উদ্দেশ্যে ৫শ’ টাকা চুক্তিতে অটোভ্যানটি ভাড়া করে। দুপুর পনে ২টায় তালোড়া রেলস্টেশনের উত্তর পাশে ফাঁকা রাস্তায় পৌছিলে পূর্বপরিকল্পিত ভাবে অসৎ উদ্দেশ্যে অটোভ্যান চালককে ১শ’ টাকা দিয়ে পিয়ারা কিনতে পাঠায়। অটোভ্যান চালক সরল বিশ্বাসে পিয়ারা কিনতে যায়। পরে এসে দেখে তার অটোভ্যানটি নেই। তাৎক্ষণিক আশেপাশে খোঁজাখুজি করে অটোভ্যানটি আর পায় নাই। বিষয়টি অটোভ্যান চালক তার বাবাকে মোবাইল ফোনে জানায়। তার বাবা দ্রুত বাড়ি থেকে বের হয়ে দুপচাঁচিয়া’র পুরাতন বাজার এলাকায় পৌছিলে অটোভ্যানটি নিয়ে যাওয়া অবস্থায় দেখতে পায়। পথ রোধ করে জিজ্ঞাসাবাদ করলে তারা দৌড়ে পালানোর সময় আজাহার আলীকে ভ্যানসহ আটক করে থানায় সপর্দ করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক আদমদীঘি উপজেলার জিনইর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে আজিজ হোসেনকে (৩৪) গ্রেফতার করে এবং তার হেফাজত থেকে আরো ২টি চোরাই অটোভ্যান উদ্ধার করে। এ বিষয়ে বেতাব আলী নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়েল করে। পুলিশ গ্রেফতারকৃত আসামিদেরকে আজ রোববার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।