ওয়ারেন্ট জারির পর গুলশানে আত্মগোপনে ছিলেন আশিষ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ৬ এপ্রিল, ২০২২

চিত্রনায়ক সোহেল চৌধুরীর হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব সদরদপ্তর ও র‍্যাব-১০ এর একটি দল। গ্রেপ্তারের ওয়ারেন্ট জারির পর বাসাটিতে গত ৩০ মার্চ থেকে আত্মগোপনে ছিলেন আশিষ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের ২৫/বি ফিরোজা গার্ডেন নামের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর মঙ্গলবার রাত ১১টায় ঘটনাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

খন্দকার আল মঈন বলেন, গত ২৮ মার্চ তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। তারপর ৩০ মার্চ থেকে এই বাসাতেই আত্মগোপনে ছিলেন তিনি। গোপন তথ্যে এই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাসা মিরপুর ডিওএইচএস। এই বাসাটি তিনি আত্মগোপনের জন্য ব্যবহার করছিলেন।

তিনি আরও বলেন, বাসা থেকে ২৩ বোতল মদ, বেশ কিছু বিয়ার ও সীসার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তার বাসা থেকে দুজন নারীকে আটক করা হয়েছে। তার পরিবার এখানে থাকেন না। দুজন নারীর পরিচয় ও কী উদ্দেশে এ বাসায় ছিলেন, তা জিজ্ঞাসাবাদে জানা যাবে। আশিষ রায় একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত।

 

তিনি আরও বলেন, চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যায় তার সম্পৃক্ততা ও অন্যান্য বিস্তারিত বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করব, বুধবার (৬ এপ্রিল) বিস্তারিত জানানো যাবে।

এর আগে দীর্ঘ ২৪ বছর পূর্বের চাঞ্চল্যকর ও বহুল আলোচিত জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক ও চার্জশিটভুক্ত আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেপ্তারে গুলশানের একটি বাসা ঘিরে রাখে র‍্যাব। পরে মঙ্গলবার রাত ১০টার দিকে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা দল ও র‍্যাব-১০ এ অভিযান শুরু করে।

উল্লেখ্য, ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর বনানীর ট্রাম্পস ক্লাবের সামনে গুলি করে হত্যা করা হয় সোহেল চৌধুরীকে। ঘটনার পর সোহেলের ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলা করেন। ১৯৯৯ সালের ৩০ জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবুল কাশেম ব্যাপারী ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে বাদানুবাদই এ হত্যার নেপথ্য কারণ বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023