রুশ বাহিনীকে বিভ্রান্ত করতে ইউক্রেনের সড়কের সকল সংকেত চিহ্ন মুছে দিচ্ছে ইউক্রেনের সড়ক কর্তৃপক্ষ। সড়কের ঠিকঠাক দিক নির্দেশনা না পেলে রুশ বাহিনী বিভ্রান্ত হয়ে পথ হারাবে আর বিপাকে পড়বে এমন উদ্দেশ্যেই সড়ক সংকেত মুছে দেয়ার এই সিদ্ধান্ত নিয়েছে তারা। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা তাদের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ইউক্রেনের সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা উক্রভটোড কোম্পানি দেশের সকলকে এই কাজের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তাদের ফেসবুক পেজে জানিয়েছে, ‘শত্রুদের (রুশ সেনা) যোগাযোগে দুর্বলতা রয়েছে। তারা এখানে (ইউক্রেন) সঠিকভাবে চলাচল করতে পারে না। আসুন, তাদের নরকে যেতে সাহয্য করি।’
গত চারদিন ধরে চলমান হামলায় রুশ বাহিনী ইতিমধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকূলে পৌঁছে গেছে। রাজধানীতে ঢোকার জন্য তারা জোর চেষ্টা চালাচ্ছে। তবে ইউক্রেনের সামরিক বাহিনী আর সাধারণ জনগণের প্রাণপণ চেষ্টায় এখনও রুশ বাহিনী কিয়েভের দখল নিতে সক্ষম হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও নিজের ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় দাবি করেছেন, রাজধানী কিয়েভ এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণেই রয়েছে।
কিয়েভের আশেপাশের অঞ্চলগুলোতে ক্রমাগত রুশ বাহিনীর সাথে লড়াই চলছে ইউক্রেনের সেনা আর সাধারণ নাগরিকদের। জীবন দিতে পারি, তবুও কিয়েভ ছাড়বো না- এই মন্ত্র জপেই যেন রুশ বাহিনীর সামনে বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছে তারা। আশেপাশের অঞ্চলগুলো থেকে কিয়েভে ক্ষেপনাস্ত্র হামলা চালানো হলেও সেখানকার নিয়ন্ত্রণ নিতে হলে শহরে প্রবেশ করতেই হবে রাশিয়ান সেনাদের। তবে তাদের সে আশার মুখে তীব্র প্রতিরোধ গড়ে দাঁড়িয়ে যাচ্ছে আপামর ইউক্রেনীয়।
রুশ বাহিনী যেন খুব সহজেই রাস্তা চিনে নিয়ে কিয়েভে প্রবেশ করতে না পারে সেজন্যই সড়কের দিক নির্দেশনা মুছে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইউক্রেনের কর্তৃপক্ষের ধারণা, সড়কের এসব সংকেত চিহ্ন না থাকায় বিভ্রান্ত হয়ে পড়বে রাশিয়ান সৈন্যরা।