৪৫ লাখ ব্যয়ে নির্মিত হয়েছে ‘শান’ সিনেমার এন্ড ক্লাইমেক্স দৃশ্য

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২ জানুয়ারী, ২০২২

নতুন বছরের প্রথম সিনেমা হিসেবে আগামী ৭ জানুয়ারি দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’। এম রাহিম পরিচালিত এ সিনেমায় তৃতীয়বারের মতো জুটি বেঁধেছেন সিয়াম-পূজা। বিগ বাজেটের এ সিনেমায় আয়োজনের কোন কমতি রাখেননি নির্মাতা। কাজটিকে পূর্ণতা দিতে যখন যা প্রয়োজন হয়েছে সেটাই করেছেন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক কিছু করতেই বলিউড থেকে আনা হয়েছে অ্যাকশন ডিরেক্টর আব্বাস আলী মুঘলকে।

জানা গেলো, সিনেমাটির এন্ড ক্লাইমেক্স দৃশ্য তৈরি করতেই ব্যয় হয়েছে ৪৫ লাখেরও বেশি, যেটা বাংলাদেশের সিনেমা ইতিহাসে এবারই প্রথম!

 

এ বিষয়ে নির্মাতা এম রাহিম বাংলাদেশ জার্নালকে বলেন, ‘সত্যি বলতে আমি আগে ছবিটা দর্শকদেরকে হলে দেখাতে চেয়েছিলাম, তার আগে আমি কিছুই বলতে চায় না। মুখে তো আমরা অনেক কিছুই বলে ফেলি কিন্ত হলে গিয়ে কিছু পাওয়া যায় না- এ কথাটা আমি শুনতে চাই না। তার জন্য চাই, দর্শকরা হলে গিয়ে ছবিটা দেখুক, তারপর তারাই বলবে ছবিটা নিয়ে।’

এন্ড ক্লাইমেক্স প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা জঙ্গলের ২/৩ বিঘা অংশজুড়ে এন্ড ক্লাইমেক্সের জন্য আমরা ক্যাম্প বানিয়েছি। ১৫টির মতো ঘর, ল্যাব বানিয়েছি এবং আরও অনেক কিছুই করতে হয়েছে সেট ডিজাইন অনুযায়ী। আমি দৃশ্যটাকে যেভাবে দর্শকদেরকে দেখাতে চাই, ঠিক সেরকম হওয়ার জন্য যা যা করা দরকার মনে হয়েছে আমি তা করেছি। সেট বানাতে প্রায় ১৪ দিন সময় লেগেছে এবং প্রতিদিন প্রায় দুই-তিনশো জন জুনিয়র আর্টিস্ট, টেকনিশিয়ান, স্ট্যান্টম্যান, অ্যাকশন ডিরেক্টর কাজ করেছে এখানে! শুধু এই এন্ড ক্লাইমেক্স দৃশ্যটির জন্যই সবকিছু মিলিয়ে খরচ হয়েছে ৪৫ লাখ টাকারও বেশি। লোকেশনটি বলতে চাই না, তবে সেখানে জঙ্গল ছাড়া কিছু ছিলো না। দেখলে মনে হবে এ যেন অন্য এক দেশ, এমনভাবেই বানিয়েছি।

তিনি আরও বলেন, ‘যারা সিনেমা পছন্দ করেন, ভালোবাসেন তাদের কাছে ‘শান’ ভালো না লাগার কোনো অপশনই রাখিনি। রোমান্স, অ্যাকশন, থ্রিলার, ড্রামা, সাসপেন্স- সবকিছু রেখেছি এখানে। কারও রোমান্স ভালো না লাগলে অ্যাকশনে তৃপ্তি নিয়ে ফিরবে। কারও অ্যাকশন ভালো না লাগলে সে থ্রিলারে তৃপ্তি নিয়ে বের হবে। মোটকথা, হলে আসলে সে কোনো না কোনোদিকে বিনোদন নিয়ে ফিরবেই।’

সিয়াম আহমেদ বলেন, ‘রাহিম খুবই প্যাশনেট একটা ছেলে। যে কি না একটা ছবির জন্য নিজের ক্যারিয়ারের সাড়ে তিন বছর সময় ব্যয় করে দিয়েছে। প্রথম প্রথম মনে হতো, মুখে তো অনেকেই অনেক কিছু বলে কিন্ত করার সময় কিছুই হয় না। কিন্ত এই ছবিটা করতে গিয়ে দেখলাম রাহিম যেভাবে ভাবছে বা কাজটিকে যেভাবে এক্সিকিউট করার পরিকল্পনা করছে সে ঠিক সেভাবেই কাজটাকে বের করেছে। ইটস রিয়েলি অ্যামাজিং! ওর মেধাকে, কাজকে সম্মান জানাই আমি। ’

 

‘আর এন্ড ক্লাইমেক্স দৃশ্যের ব্যাপারে আমাকে যখন বলছিলো তখন আমি নিজেও আসলে তখন এতটা গুরুত্ব দেইনি। কিন্ত যখন দেখলাম সে তার পরিকল্পনা মতোই সবকিছু গোছাচ্ছে তখন আমিই রীতিমতো অবাক হয়েছি। এতদিন সময় নিয়ে এমন আয়োজনে এরকম সেট বানাতে দেখিনি আমি আমাদের এখানে। ও ওর (পরিচালক) আউটপুট সঠিকভাবে পাবার জন্য যা করা দরকার সে করেছে। কি করেছে সেটা দর্শক হলে দেখার পরই বুঝতে পারবেন!’

মানব পাচারের গল্প নিয়ে নির্মিত হয়েছে অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’। ফিলম্যান প্রযোজিত এ সিনেমার গল্প লিখেছেন আজাদ খান। সিয়াম-পূজা ছাড়া এখানে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, মিশা সওদাগর, নাদের চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023