গুঞ্জনের ইতি টানতে যাচ্ছেন মাহি!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিয়ের মাসখানেক পর স্বামী রাকিব সরকারকে নিয়ে ওমরাহ পালনের জন্য সৌদি আরব যান এই নায়িকা। তবে সম্প্রতি দেশে ফিরে নিজেকে আড়াল করে রেখেছেন মাহি। এর মধ্যে আবার কথা রটেছে, শোবিজকে বিদায় জানাচ্ছেন অগ্নি’খ্যাত এই চিত্রনায়িকা। মন দিবেন ধর্ম-কর্ম আর সংসারে।

তবে সেসব গুঞ্জনের ইতি টানতে যাচ্ছেন মাহি। চলতি মাসেই ‘বুবুজান’ সিনেমা দিয়ে শুটিংয়ে ফিরছেন তিনি। এমনটাই জানিয়েছেন এর পরিচালক শামীম আহমেদ রনী।

তিনি জানান, চলতি মাসে ২৭ তারিখ শুটিংয়ে ফিরছেন মাহি। এফডিসিতে সিনেমার শেষভাগের শুটিংয়ে অংশ নেবেন তিনি। মাহির সঙ্গে কথা বলেই শুটিংয়ের তারিখ চূড়ান্ত করেছেন এই নির্মাতা। মাহি ছাড়াও শুটিংয়ে অংশ নেবেন শান্ত খান, শিবা শানুসহ বেশ ক’জন অভিনয়শিল্পী।
‘বুবুজান’ সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এর কর্ণধার মো. সেলিম খান বলেন, ‘আগামী ২৭ তারিখ থেকে ছবির শুটিং শুরু হবে। সেদিনই মাহি এতে অংশ নেবেন। টানা কাজ করে ছবির শুটিং শেষ করা হবে।’

এদিকে, শুটিংয়ে অংশ নেওয়ার বিষয়ে মাহির মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি ফোনটি ধরেননি।

এর আগে, ওমরাহ পালন শেষ করে দেশে ফেরার পর কথা ছিল নির্মাতা চয়নিকা চৌধুরীর ওয়েব ফিল্ম ‌‘কাগজের বউ’র শুটিংয়ে অংশ নেবেন। তবে দেশে ফিরে এক ফেসবুকবার্তায় মাহি জানান, শারীরিক অসুস্থতার কারণে ‘কাগজের বউ’ করছেন না তিনি। তাই নির্মাতা বাধ্য হয়ে মাহির বদলে চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে এর কাজ শুরু করেন। এতে অভিনয় করছেন চিত্রনায়ক ইমনও।

এদিকে শোবিজ পাড়ায় কথা রটেছে, সাবেক প্রতিমন্ত্রীর ডা. মুরাদ হাসান মূলত নায়ক ইমনের মুঠোফোনে ফোন দিয়েছিল। আর ইমনের ফোন থেকেই কথা বলেছেন মাহি। যার ফলে বিতর্কে জড়িয়েছে নায়কের নামটিও। শোনা যাচ্ছে, ওই ঘটনার পর থেকে ইমনের সঙ্গে মাহির আর যোগাযোগ হয়নি। দু’জনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। সেজন্যই ওয়েব ফিল্মটি থেকে সরে দাঁড়িয়েছেন মাহি!

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023