অস্কারের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ ‘রেহানা মরিয়ম নূর’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

অস্কারের ৯৪তম আসরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলো না বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’। আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় প্রাথমিক ভোটের জন্য রাখা ১৫টি ছবির নাম প্রকাশ করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ।

অ্যাকাডেমির সব শাখার সদস্যদের ভোটে সংক্ষিপ্ত তালিকা তৈরি হয়েছে। তাদের রায়েই এখান থেকে চূড়ান্ত মনোনয়ন পাবে পাঁচটি চলচ্চিত্র। অস্কারের প্রচারণা বিভাগ বুধবার (২২ ডিসেম্বর) ই-মেইলে এসব তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় এবার ৯২টি দেশের চলচ্চিত্র জমা পড়েছিল। এর মধ্যে ছিল কান উৎসবের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের প্রথম ছবি ‘রেহানা মরিয়ম নূর’। আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। তাকে দেখা গেছে বেসরকারি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার চরিত্রে। মেয়েকে একা বড় করা, বাবা, মা ও ভাইয়ের দেখাশোনা, খরচ জোগাড়সহ সবই করতে হয় তাকে। যৌন হয়রানির শিকার এক ছাত্রীর পক্ষ হয়ে সহকর্মী অপর শিক্ষকের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে সে। একই সময় তার ছয় বছর বয়সী মেয়ের সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষ রূঢ় আচরণ করে। এমন পরিস্থিতিতে সন্তান ও ছাত্রীর জন্য ন্যায়বিচারে অনড় রেহানা।

এবারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ছবিগুলোর মধ্যে বেশিরভাগই ৭৪তম কান উৎসবের অফিসিয়াল সিলেকশনে ছিল। সেগুলোর সবই পুরস্কারও জিতেছে। মূল প্রতিযোগিতা বিভাগে যৌথভাবে গ্রাঁ প্রিঁ জয়ী আসগর ফারহাদির ‘অ্যা হিরো’ (ইরান) ও জুহো কুয়োসমানেন পরিচালিত ‘কম্পার্টমেন্ট নম্বর সিক্স’ (ফিনল্যান্ড), সেরা চিত্রনাট্য পুরস্কার জয়ী রাইয়ুসুকি হামাগুচির ‘ড্রাইভ মাই কার’ (জাপান), সেরা অভিনেত্রীর পুরস্কার জয়ী জোয়াকিম ট্রিয়ার পরিচালিত ‘দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’ (নরওয়ে) অস্কারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে।

কানের ৭৪তম আসরের আঁ সার্তে রিগায় জুরি প্রাইজ জয়ী সেবাস্তিয়ান মাইজ পরিচালিত ‘গ্রেট ফ্রিডম’ (অস্ট্রিয়া), প্রাইজ ফর অরিজিনালিটি জেতা ভালদিমির ইওহানসনের ‘ল্যাম্ব’ (আইসল্যান্ড), স্পেশাল মেনশন পাওয়া তাতিয়ানা হুয়েসোর ‘প্রেয়ারস ফর দ্য স্টোলেন’ (মেক্সিকো) এবং ফিপরেস্কি পুরস্কার জয়ী লরা বান্দেলের ‘প্লেগ্রাউন্ড’ (বেলজিয়াম) জায়গা পেয়েছে অস্কারের সংক্ষিপ্ত তালিকায়। তবে স্বর্ণ পাম জয়ী ফ্রান্সের ‘তিতান’ জায়গা পায়নি। আঁ সার্তে রিগার সেরা ছবি রাশিয়ার ‘আনক্লেন্সিং দ্য ফিস্টস’ও নেই সংক্ষিপ্ত তালিকায়।

ভেনিস, বার্লিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে থাকা কয়েকটি ছবি আছে অস্কারে সংক্ষিপ্ত তালিকায়। এগুলো হলো ৭৮তম ভেনিস চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড জুরি প্রাইজ জয়ী পাওলো সরেন্তিনোর ‘দ্য হ্যান্ড অব গড’ (ইতালি), ৭১তম বার্লিন চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত মারিয়া শ্রেডারের “আই’ম ইউর ম্যান” (জার্মানি), সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে থাকা ফের্নান্দো লিওন ডি আরানোয়া পরিচালিত ‘দ্য গুড বস’ (স্পেন), বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়া ভুটানের পাও চয়নিং দর্জি পরিচালিত ‘লুনানা: অ্যা ইয়াক ইন দ্য ক্লাসরুম’, মেক্সিকোতে গুয়াদালাখারা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত আবনার বেনাঈম পরিচালিত ‘প্লাজা ক্যাটেড্রাল’ (পানামা)।

সানড্যান্স চলচ্চিত্র উৎসবের ওয়ার্ল্ড সিনেমা ড্রামাটিক কম্পিটিশন বিভাগের মূল তিন পুরস্কার গ্র্যান্ড জুরি প্রাইজ, অডিয়েন্স অ্যাওয়ার্ড এবং সেরা পরিচালক জিতে ইতিহাস গড়া বিয়ের্তা বাশোলির ‘হাইভ’ (কসোভো) আছে সংক্ষিপ্ত তালিকায়। এছাড়া স্থান পেয়েছে সানড্যান্সের ওয়ার্ল্ড সিনেমা ডকুমেন্টারি কম্পিটিশন বিভাগে গ্র্যান্ড জুরি প্রাইজ জয়ী ইওনাস পোহার হাসমুসেনের অ্যানিমেটেড প্রামাণ্যচিত্র ‘ফ্লি’ (ডেনমার্ক)। সেরা প্রামাণ্যচিত্রের সংক্ষিপ্ত তালিকাতেও আছে ‌‘ফ্লি’।

আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার সংক্ষিপ্ত তালিকায় এশিয়া মহাদেশের মধ্যে ভুটান, ইরান ও জাপানের ছবি জায়গা পেয়েছে। নারী নির্মাতার ছবি আছে চারটি। আর বিভিন্ন দেশের নির্মাতাদের প্রথম ছবি রয়েছে পাঁচটি। এগুলো হলো ‘হাইভ’, ‘লুনানা: অ্যা ইয়াক ইন দ্য ক্লাসরুম’, ‘ল্যাম্ব’, ‘প্লেগ্রাউন্ড’ এবং ‘প্রেয়ারস ফর দ্য স্টোলেন’।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023