কেনাকাটায় প্রায় পৌনে দুই কোটি টাকা (এক কোটি ৭৪ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা) আত্মসাতের অভিযোগে রংপুর মেডিকেল কলেজের (রমেক) সাবেক অধ্যক্ষ ডা. মো. আব্দুর রউফসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অপর আসামি হলেন, থ্রি আই মার্চেন্ডাইজারের মালিক মো. মোকছেদুল ইসলাম। মঙ্গলবার (৫ অক্টোবর) সংস্থাটির রংপুরে সমন্বিত জেলা কর্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত বাদী হয়ে এ মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক। মামলায় আসামিদের বিরুদ্ধে দরপত্রের ক্রয়নীতি অনুসরণ না করে ওই কলেজের ডেন্টাল বিভাগের জন্য চেয়ার ও অন্যান্য সরঞ্জাম কেনায় অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, রংপুর মেডিকেল কলেজে ২০১২-২০১৩ অর্থবছরে পাঁচটি ডেন্টাল চেয়ার কেনার প্রক্রিয়ায় কোনো ব্যাংক গ্যারান্টি (পারফরমেন্স সিকিউরিটি) নেওয়া হয়নি। এছাড়া এসব চেয়ার কেনায় বাজার দর যাচাই ছাড়াই দরপত্র ওপেনিং কমিটি ও কারিগরী মূল্যায়ন কমিটি গঠনে ২০০৮ এর ক্রয়বিধি লংঘন করে দুই কোটি ৮২ লাখ টাকার সরঞ্জাম কেনা হয়। দুদক সূত্র জানায়, অনুসন্ধানে ডা. মো. আব্দুর রউফ মেডিকেল কলেজটির অধ্যক্ষ থাকাকালীন এসব চেয়ার কেনা হয়। তখন ডেন্টাল বিভাগের জন্য কেনা পাঁচটি চেয়ার ও সরঞ্জামাদির দাম বেশি দেখিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান ও অধ্যক্ষ যোগসাজশে এক কোটি ৭৪ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেন। দণ্ডবিধির ৪০৯/১০৯/৪২০/৪৬৫/ ৪৬৭/৪৬৮/৪৭১ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় আসামিদের বিরুদ্ধে মামলা করেছে দুদক।