স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার সারিয়াকান্দিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে যমুনা নদীর পানি আরও বেড়েছে।
বুধবার (০১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নদীর পানি বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। নদীতে পানি বাড়ায় নতুন নুতন এলাকা প্লাবিত হচ্ছে। বসতবাড়ি, ফসলি জমি ও শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি ঢুকেছে। বন্যার পানি ঢোকায় বিভিন্ন পরিবারের সদস্যরা গৃহস্থালী সামগ্রী ও গবাদি পশু নিয়ে পাশের উঁচু জমি ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছেন। পানিবন্দি হয়ে পড়েছে অর্ধলক্ষাধিক মানুষ।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবর রহমান বলেন, সারিয়াকান্দির মথুরাপাড়া পয়েন্টে বুধবার বিকাল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, বন্যার পানিতে রোপা আমন ৭৫, বীজতলা ১০, সবজি নয়, মাসকালাই ১৫ হেক্টরসহ ১০৯ হেক্টর জমির ফসল পানিতে ডুবে গেছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি ঢুকেছে। বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের সমস্যা হবে না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সারিয়াকান্দি সদর, হাটশেরপুর, কাজলা, চালুয়াবাড়ি, কর্নিবাড়ি, বোহাইল, কুতুবপুর, চন্দনবাইশা ও কামালপুর ইউনিয়নের ৬৮টি গ্রামের ৫০ হাজার ৮০০ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি মানুষের মাঝে ৪৬ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।