স্টাফ রিপোর্টার, বগুড়া
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলার বার্ষিকী উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় জেলা পরিষদ মিলনায়তনে বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু।
বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সুফিয়ান শফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সহ-সভাপতি অ্যা. মকবুল হোসেন মুকুল, অ্যাড. আমানত উল্লাহ, যুগ্ন সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জাকির হোসেন নবাব, দপ্তর সম্পাদক আল-রাজী জুয়েল, যুব ক্রীড়া সম্পাদক মাশরাফি হিরো, জেলা যুবলীগের সভাপতি শুভাশিস পোদার লিটন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ডালিয়া নাসরিন রিক্তা, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু বলেন, স্বাধীনতার পরাজিত শত্রুরাই এদেশে ১৫ই আগস্টও একুশে আগস্ট এর ষড়যন্ত্রের মূল হোতা। বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে ও দেশকে পাকিস্তানি কায়দায় পরিচালিত করতেই ক্ষমতালোভী একটা চক্র পরিকল্পিতভাবে গ্রেনেড হামলা চালিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। সেদিন ভয়াবহ গ্রেনেড হামলায় শেখ হাসিনা বেঁচে গিয়েছিল। সেজন্যই বাংলাদেশ স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশ মর্যাদা লাভ করেছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সততা ও অসীম সাহসিকতার জন্যই দেশে ১৫ আগস্ট এর বিচার সম্ভব হয়েছে, বাকি খুনিদের রায় দ্রুত কার্যকর করে, একুশে আগস্ট এর ভয়াবহ গ্রেনেড হামলার তৎকালীন সরকার প্রধান হিসেবে খালেদা জিয়া মূল পরিকল্পনাকারি, এদের মুখোশ উন্মোচিত করতে হবে।