স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া শহরের নারুলী এলাকায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে শহরের নারুলী সুলতান পট্টি এলাকায় রেল লাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সোমবার সকালে রেল লাইনের পাশে একটি কাঁঠাল গাছে গলায় ফাঁস দিয়ে ঝুলানো এক যুবকের মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।
শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের পরনে হাফ প্যান্ট ও গেঞ্জি ছিল। গলায় প্লাস্টিকের রশি দিয়ে ফাঁস দেয়া কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারনা করা হচ্ছে রাতের যে কোন সময় ওই যুবককে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। পরে লাশটি উদ্ধার করে ময়ানাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷