স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় হাসিবুল ইসলাম হাসিব (৩০) নামের এক গাড়ি ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার সকাল ১০টায় শহরের দত্তবাড়ি মোড়ে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত হাসিব আলহাজ মোস্তফা নুরুল ইসলামের ছেলে ও দুই সন্তানের জনক।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ি লাশটি উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) এ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
জানা যায়, ব্যক্তিগত কিছু ধার দেনা থেকে ব্যবসায়ী হাসিব মানসিক অবসাদে ভুগছিলেন৷ তিনি তার ব্যক্তিগত মোটরসাইকেল সে জন্য বিক্রি করে দেন। এই নিয়ে পরিবারে তার বাবা ও স্ত্রীর সাথে হাসিবের মনোমালিন্য হয়।
সোমবার সকালে বাহির থেকে তিনি নাস্তা করে এসে দরজা আটকিয়ে গায়ে দেওয়ার কাঁথা দিয়ে নিজ শোবার ঘরের ফ্যানের সাথে গঁলায় ফাঁস দেন। পরে তার পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করলে মৃত হিসেবে পায়৷
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম জানান, আমরা দরজা ভাঙা ও খাঁটে শোয়ানো অবস্থায় হাসিবের লাশ পেয়েছি। এটি প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও আমরা লাশটি হেফাজতে নিয়ে শজিমেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।