শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

এইচএসসি ফরম পূরণে ইচ্ছে মত টাকা নিচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

কোন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের থেকে দাবি করছে দুই হাজার টাকা। কোন কলেজ বলছে ১৫০০ টাকা। আবার কোন কলেজ দাবি করছে ৫ হাজার টাকা। এভাবেই সারাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি ফরম পূরণে শিক্ষার্থীদের থেকে যেমন ইচ্ছে তেমনভাবে টাকা নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। ফলে বিড়ম্বনায় পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

 

তারা বলছেন, করোনা মহামারিতে এমনিতেই অর্থনৈতিক অবস্থা খারাপ। এর উপর শিক্ষাপ্রতিষ্ঠানের অতিরিক্ত টাকা দাবি যেন ‘মরার উপর খাড়ার ঘাঁ’।

 

শিক্ষাবোর্ড জানায়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে নির্ধারিত ফি নির্ধারণ করেছে সরকার। এবার বিজ্ঞান বিভাগে ১১৬০ টাকা, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে ১০৭০ টাকা ফরম পূরণ ফি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফরম পূরণ প্যানেল বন্ধসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

এ ব্যাপারে পরীক্ষার্থী মুনতাহা মুনা বাংলাদেশ জার্নালকে বলেন, আমার কলেজে যারা উপবৃত্তির টাকা পাই তাদের জন্য শুধু ১০৬০ টাকা নিচ্ছে কলেজ। আর যারা পায় না তাদের থেকে বেশি টাকা নেয়া হচ্ছে।

 

এইচএসসি পরীক্ষার্থী তাসরিফা খান পুষ্প বলেন, আমি একটি বেসরকারি কলেজে পড়ি। আমার আগের বেতনসহ ফর্ম পূরণে ১৫ হাজার ৬০০ টাকা দাবি করেছে কলেজ। কিন্তু এত টাকা পরিশোধ করে আমার এইচএসসি পরীক্ষা দেয়া সম্ভব হবে না। তিনি বলেন, এ বিষয়ে শিক্ষার্থীদের একটি অনলাইন ফর্ম পূরণের বিষয়ে অভিযোগের পাতাও আছে। সেখানে সে কত টাকা বেশি দিয়েছেন তা জানাতে বলা হয়েছে। তবে অভিযোগ করতে শিক্ষার্থীদের রোল ও নাম চাওয়া হয়েছে। যে কারণে অনেক শিক্ষার্থীই অভিযোগ করতে সাহস পাচ্ছেন না।

 

এদিকে শিক্ষাবোর্ড জানায়, করোনার কারণে এ বছর (২০২১) কোনো নির্বাচনী বা টেস্ট পরীক্ষা হবে না। তাই টেস্ট পরীক্ষা সংক্রান্ত কোনো ফি নেয়া যাবে না বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। কোনো প্রতিষ্ঠান এসব আইন অমান্য করলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। অননুমোদিত রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীকে ফরম পূরণ করালে কোনো ধরনের যোগাযোগ ছাড়াই তা বাতিল করা হবে।

 

খোঁজ নিয়ে জানা যায়, বোর্ডের এমন ঘোষণার পরও কিছু শিক্ষাপ্রতিষ্ঠান টেস্ট পরীক্ষা, অ্যাসাইনমেন্ট ও ফরম পূরণে অনৈতিকভাবে অতিরিক্ত অর্থ নিচ্ছে।

 

এইচএসসি পরীক্ষার্থী উচ্ছ্বাস আহমেদ বলেন, আমি এইচএসসি ২০২১ ব্যাচের একটি কমিউনিটির প্রতিনিধি। শুধু এইচএসসি ফরম পূরণ নয়, অ্যাসাইনমেন্ট বাবদ অনেক কলেজ বিভিন্ন উপায়ে শিক্ষার্থীদের শোষণ করছে। ফরম পূরণের অতিরিক্ত টাকা তো নিচ্ছেই এছাড়াও অ্যাসাইনমেন্ট বাবদ প্রতিষ্ঠান ভেদে ৫০০-৬০০ টাকা দাবি করছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

 

একাধিক অভিভাবকদের দেয়া অভিযোগের ভিত্তিতে জানা যায়, ময়মনসিংহের এইচ এ ডিজিটাল স্কুল ও কলেজ শিক্ষার্থীদের থেকে অ্যাসাইনমেন্ট বাবদ ৫৫০ টাকা এবং ফরম পূরণে ৫ হাজার টাকা দাবি করেছে। অভিযোগ রয়েছে মিরগঞ্জ হাট ডিগ্রি কলেজ, নিলফামারী শিক্ষার্থীদের থেকে ৬৪০ টাকা অ্যাসাইনমেন্ট জমা দেয়ার সময় নিয়েছে। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ডিগ্রি কলেজ অ্যাসাইনমেন্ট বাবদ শিক্ষার্থীদের থেকে টাকা নিয়েছে।

 

পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ, টাংগাইল শিক্ষার্থীদের থেকে ৫০০ টাকা (অ্যাসাইনমেন্ট) বাবদ ও টেস্ট পরীক্ষার নামে আরো ৫০০ টাকা শিক্ষার্থীদের থেকে নিয়েছে। হাজী ইব্রাহিম আলমচান স্কুল এন্ড কলেজ, নারায়ণগঞ্জ বন্দর ২০০০ টাকা রেজিস্ট্রেশন বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে নিয়েছে।

 

কুমিল্লার রয়েল ইন্টারন্যাশনাল কলেজ শিক্ষার্থীদের থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ আট হাজার টাকা, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী -৪১০০ টাকা নিচ্ছে বলে অভিযোগ এসেছে। এছাড়াও সেশন, রেজিস্ট্রেশন, অ্যাসাইনমেন্ট ফি নিয়ে অভিযোগ আছে হাজী জসিম উদ্দিন ডিগ্রী কলেজ, শহীদ মুক্তিযোদ্ধা নজিবুল উদ্দিন খান কলেজ, সেন্ট্রাল ওমেনস কলেজসহ অনেক কলেজের বিরুদ্ধে।

 

ঢাকা শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজের একজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, দ্বিতীয় বর্ষে ভর্তি, ফরম পূরণ সবকিছু মিলিয়ে ২৮০০০ টাকা চাওয়া হয়েছে। তবে এ বিষয়ে একাধিক শিক্ষার্থী বলেন, আমাদেরকে কলেজ কর্তৃপক্ষ বুঝতে দিচ্ছেনা ফরম পূরণে কত টাকা লাগছে।

 

অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রামের হায়দরগঞ্জ মডেল কলেজে যোগাযোগ করলে কলেজ কর্তৃপক্ষ জানায়, এইচএসসি ফরম পূরণে শিক্ষার্থীদের থেকে ১৫০০ টাকা চাওয়া হয়েছে। সরকারের নির্ধারিত ফি থেকে কেন অতিরিক্ত টাকা নিচ্ছেন এ প্রশ্নে তিনি বলেন, অনেক সময় শিক্ষার্থীরা ৫০০ টাকা কম দিয়ে চলে যায়। সেটা কী আপনি পরিশোধ করবেন? এ জন্য ৫০০ টাকা বেশি চাওয়া হয়েছে।

 

জানতে চাইলে আন্ত:বোর্ড সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, এমন অভিযোগ আমার কাছেও এসেছে। আমি শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করবো ১২ আগস্টের আগে কোন পরীক্ষার্থী ফরম পূরণ করতে টাকা জমা না দেয়। আর যেসব প্রতিষ্ঠান বাড়তি টাকা দাবি করছেন সেসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে অভিযোগ আসলে সেই প্রতিষ্ঠানের বারোটা বাজিয়ে ছাড়বো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023