স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মোজাফফর হোসেন(৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি শহরের লতিফপুর কলোনি এলাকার বাসিন্দা। সোমবার রাতে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এছাড়া বগুড়ায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে। জেলায় গত ২৪ ঘন্টায় ২০৮ নমুনার ফলাফলে নতুন করে ৪৬জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২২ দশমিক ১১ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৩৩জন। নতুন আক্রান্ত ৪৬জনের মধ্যে সদরের ৩৬জন, শেরপুর ৩জন, শিবগঞ্জ ২জন ধুনট, আদমদিঘী, দুপচাঁচিয়া, শাজাহানপুর ও কাহালুতে একজন করে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দুপুরে পুণ্ড্রকথাকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। এর আগের দিন জেলায় ১৫৩ নমুনায় ৩০জন করোনায় শনাক্ত হয়েছিলেন।
ডা. তুহিন জানান, ১৪জুন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৯৩টি নমুনায় ৪০জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৫নমুনায় ৬জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন।
তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১২ হাজার ৬১৩জন এবং সুস্থতার সংখ্যা ১২ হাজার ৪৭জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৩২৯জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ২৩৭জন।