নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থীর মোটরসাইকেল র্যালিতে অংশ নেওয়ায় সমর্থকের ৫টি খড়ের পালায় আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চাপিলাপাড়ার আজিবর রহমান বাদী হয়ে ইউপি সদস্য খয়বর আলীসহ তিনজনের নামে থানায় লিখিত অভিযোগ করেন । গত শনিবার রাতে আজিবর ও তাঁর ভাইয়ের খড়ের পালায় অগ্নি-সংযোগের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, চলতি আমন মৌসুমে চাপিলাপাড়া গ্রামের কৃষক লুৎফর রহমান ও আজিবর রহমান ৬০ বিঘা জমির ধান মাড়াই করে আলাদা করে পাঁচটি খড়ের পালা দেয়। শনিবার রাতে ওই পাঁচটি টি খড়ের পালায় আগুন দেয় প্রতিপক্ষরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দমকল বাহিনী দ্রুত সেখানে গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। পরে স্থানীয়রা ধাওয়া করে অগ্নিসংযোগকারী চাপিলাপাড়া গ্রামের আশরাফ আলী (৪৬) কে আটক করে পুলিশে সোর্পদ করে।
এ প্রসঙ্গে নন্দীগ্রাম থানার ওসি (তদন্ত) আব্দুর রশিদ সরকার বলেন, ইউপি সদস্যসহ তিনজনের বিরুদ্ধে খড়ের পালায় অগ্নিসংযোগের অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।