নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়া নন্দীগ্রামে হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে ক্রয় করে মজুত করার দায়ে উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত সাধারন সম্পাদক আনিছুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।
শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী অফিসার এসআই আব্দুর রহিম।
জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল মজুত করার খবর পেয়ে গত ১১ এপ্রিল (শনিবার) রাত ১১ টার দিকে র্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির সদস্যরা শিমলা গ্রামে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক (বহিস্কৃত) আনিছুর রহমানের বাড়িতে অভিযান চালায়। অভিযানে আনিছুর রহমানের বাড়িতে ৫৮ বস্তা ও তার গোডাউনে তল্লাশি চালিয়ে আরও ১১০ বস্তা চাল উদ্ধার করে। পরে র্যাব সদস্যরা আনিছুর রহমান ও তার সহযোগী আনছার আলীকে গ্রেপ্তার করে। এ সময় চালের ডিলার মিলন সরদার পালিয়ে যায়। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় আওয়ামী লীগ নেতা সহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়।
এ দিকে সরকারি চাল আত্মসাতের অভিযোগে ও দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করায় নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনিছুর রহমান ও তার সহযোগী নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনছার আলীকে বহিস্কার করা হয়।
আলোচিত এই মামলা তদন্ত শেষে গত ১০ নভেম্বর আ’লীগ নেতা আনিছুর রহমান, তার সহযোগী আনছার আলী ও চালের ডিলার মিলন সরদারের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন পুলিশ।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রশিদ সরকার জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেছেন।