স্টাফ রিপোর্টার, ঢাকা
কয়েক দিনের ভ্যাপসা গরমের পর মৌসুমী বায়ুর প্রভাবে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হচ্ছে। কোথায় মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টিপাত চলছে। ফলে কমে এসেছে তাপমাত্রা। এদিকে ঝড়ো হাওয়ার কারণে নদী বন্দরগুলোয় ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, আরও মাসখানেক এই ধরনের আবহাওয়া থাকবে। কখনও মৌসুমী বায়ুর কারণে বৃষ্টি হবে, আবার কখনও ভ্যাপসা গরম অনুভূত হবে। মঙ্গলবার দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছে। তবে আগামীকাল বুধবার আবারও বাড়তে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে, ৫৫ মিলিমিটার। এছাড়া ঢাকা বিভাগের মধ্যে মাদারীপুরে ৫, ময়মনসিংহের নেত্রকোনায় ১৯ মিলিলিটার বৃষ্টি হয়েছে৷ চট্টগ্রাম বিভাগের হাতিয়ায় ২৬, রংপুর বিভাগের মধ্যে তেঁতুলিয়ায় ৩, খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় ১২ এবং বরিশাল বিভাগের মধ্যে পটুয়াখালীতে ৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।তবে রাজশাহী বিভাগে তেমন বৃষ্টি হয়নি।
আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমী বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, রাজস্থান, হরিয়ানা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাংশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বধির্তাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে দুর্বল অবস্থায় বিরাজ করছে।
এর প্রভাবে রংপুর, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা মোংলায় ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া ঢাকায় আজ ৩৪.৬, ময়মনসিংহে ৩১.২, চট্টগ্রামে ৩২, সিলেটে ৩১, রাজশাহীতে ৩৪.৭, রংপুরে ৩৪.২, খুলনায় ৩৪.৪ এবং বরিশালে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।