স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় ৩০৮নমুনার ফলাফলে আরও ৪৬জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৪দশমিক ৯৩শতাংশ। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৬ হাজার ৬৬৯জন করোনায় আক্রান্ত শনাক্ত হলেন। একই সময়ে ৪৪জন সুস্থ হওয়ায় জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৫ হাজার ৫৬২জনে দাঁড়িয়েছে। এছাড়া জেলায় নতুন করে এক নারীসহ দুইজন মারা যাওয়ায় মৃত্যু হয়েছে মোট ১৫৩জনের। মারা যাওয়া ব্যক্তিরা হলেন বগুড়ার লতিফপুর কলোনি এলাকার জুলেখা(৪২) এবং কাটনারপাড়া এলাকার আব্দুল মজিদ(৬৫)। তারা দুইজনই রোববার(৩০ আগস্ট) শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার সকাল ১১টায় জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বগুড়া সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম ৩০আগস্ট রোববার জেলার দু’টি পিসিআর ল্যাবে পরীক্ষা করা ৩০৮টি নমুনার ফলাফল বিশ্লেষণ তুলে ধরেন।
ডা. ফারজানুল ইসলাম নির্ঝর জানান, সরকারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) পরীক্ষা করা ২৮২টি নমুনার মধ্যে ৩৬টি পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে ২৬টি নমুনায় পজিটিভ আসে আরও ১০জনের।
ব্রিফিংয়ে জানানো হয়, নতুন আক্রান্ত ৪৬জনের মধ্যে পুরুষ ২৯জন, নারী ১৪জন এবং বাদবাকি ৩জন শিশু।
এদের মধ্যে সদর উপজেলার ৩৯জন। অন্যান্য উপজেলার মধ্যে- আদমদীঘি ৩জন, গাবতলী ও শেরপুরে ২জন করে নতুন করোনায় আক্রান্ত হয়েছেন।
জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. ফারজানুল ইসলাম বলেন, নতুন আক্রান্তদের আপাতত নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে এদের মধ্যে কারও অবস্থা জটিল মনে হলে তাদের হাসপাতালে স্থানান্তর করা হবে।