বগুড়ার আদমদিঘী উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের মুরইল বাসট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাকচালক ঢাকার কামরাঙ্গাীচর গফুর প্রামানিকের ছেলে দাদন মিয়া (৪০), চালকের সহকারী সাইফুল ইসলাম (২৩), নওগাঁর সাপাহারের আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম (৪০) ও ট্রাক মালিক নওগাঁর দয়ালের মোড়ের ওমর আলীর ছেলে মোস্তাক (৪৫)।
আদমদিঘী থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, মুরইল বাসস্ট্যান্ডের পূর্ব পাশে খাড়ীর ব্রিজের কাছে মালবাহী ট্রাকের মেরামতের কাজ করছিল ট্রাকচালক ও মালিক মোস্তাক আলী। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী আরেকটি মালবাহী ট্রাক যাওয়ার পথে দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ট্রাকচালক দাদন মিয়া ও যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। অপর দু’জনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে ট্রাকমালিক মোস্তাক ও সহকারী সাইফুল ইসলাম মার যান।
আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম। তিনি বলেন, ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে দুজন মারা গেছেন।
এর আগে শুক্রবার রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের বি-ব্লক কাঁটাবাড়িয়া নামক স্থানে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন- শাজাহানপুরের আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের মোস্তাফিজুর রহমান মিঠুর স্ত্রী জাকিয়া আক্তার (২৫) ও তাদের ছেলে পাঁচ বছর বয়সী তাশফিয়ান রহমান। এ সময় মোটরসাইকেল চালক মিঠু গুরুতর আহত হন।
পুলিশ জানায়, মোস্তাফিজার রহমান মিঠু স্ত্রী জাকিয়া রেজওয়ানা তাসলি ও শিশুপুত্র তাশফিয়ানকে নিয়ে সন্ধ্যার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ মহাসড়কের উপর মোটরসাইকেলসহ পড়ে গেলে পেছন থেকে ধানবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হন মিঠুর স্ত্রী ও সন্তান। গুরুতর আহত মিঠুকে উদ্ধার করে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় হাইওয়ে পুলিশ ট্রাক জব্দ এবং চালককে আটক করেছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।