বগুড়ায় নৌকা মার্কা প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে বিজয়ী করতে সর্বস্তরের পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদানকালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য এ্যাডঃ জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রীকে আপনারা নৌকা উপহার দিন তিনি আপনাদেরকে উন্নয়ন উপহার দেবেন। বগুড়ার এই নির্বাচন আপনাদের উপর চাপিয়ে দেয়া হয়েছে। বিএনপি সরকারী সকল সুবিধা নিয়ে পদত্যাগ করে সরকারের ব্যয় বাড়িয়ে দিয়েছেন। তারা বারবার সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছেন। সরকারকে জাতীয় ও আন্তর্জাতিক অনেক চক্রান্ত মোকাবেলা করতে হয়েছে। মুখ থুপড়েপড়া দেশকে জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের চরম শিখড়ে নিয়েছেন। মানুষ যখন স্বপ্ন দেখা ভুলে গিয়েছিল সেই দিশেহারা মানুষকে তিনি নতুন করে স্বপ্ন দেখিয়েছেন। বার বার স্বাধীনতা বিরোধী চক্র দেশে নারকীয় তান্ডব চালিয়েছেন। আন্দোলনের নামে তারা দেশে বারবার বিশৃংখলা করেছেন। তাদের হামলায় প্রশাসনের কর্তাব্যক্তি সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ আক্রান্ত হয়েছেন। আমাদের প্রতিপক্ষকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করে নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে। নৌকার প্রার্থীকে বিজয়ী করে উন্নয়নের বগুড়া বিনির্মান করতে হবে। আজ বুধবার (২৫ জানুয়ারী) বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সাখাওয়াত হোসেন শফিক, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, বগুড়া বারের পিপি এ্যাডঃ আব্দুল মতিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, এ্যাডঃ রেজাউল করিম মন্টু, এ্যাডঃ মকবুল হোসেন মুকুল, স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ম. আব্দুর রাজ্জাক, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক স্পেশাল পিপি এ্যাডঃ নরেশ মুখার্জী, বঙ্গবন্ধু পরিষদের জেলা সাধারণ সম্পাদক ডাঃ মিল্লাত হোসেন, পরিবার পরিকল্পনা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি তৌফিক হাসান ময়না, ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় নেতা রাশেদুল হাসান শামীম, কলেজ শিক্ষক পরিষদের আহবায়ক আবুল কালাম আজাদ।
পেশাজীবীদের সাথে মতবিনিময় সভায় বগুড়া ০৬ আসনে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহবান জানানো হয়। সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল।