পূর্বাঞ্চলীয় ইউক্রেনীয় লবন খনির শহর সোডেলার নিয়ন্ত্রণে নিতে এক মাস ধরে তুমুল লড়াই করছে রাশিয়া। দেশটি আজ শুক্রবার জানিয়েছে, তারা এ শহর নিয়ন্ত্রণে নিয়েছে। এই অর্জনকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেছে দেশটি। খবর বিবিসি।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই বিজয়ে রাশিয়ান সেনারা নিকটবর্তী বৃহত্তর শহর বাখমুতে ইউক্রেনের সরবরাহ রুট বন্ধ করতে সাহায্য করবে। এর আগে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, সোলেডারে তুমুল লড়াই চলছে এবং এখন কিয়েভের বাহিনী লড়ছে।
তবে গতকাল ইউক্রেনের সামরিক বাহিনীর একজন মুখপাত্র আভাস দেন, তাদের কম্যান্ডাররা সোলেডার থেকে নিজেদের প্রত্যাহার করে নেবার কথা বিবেচনা করছেন। ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার সোলেডারের পরিস্থিতি তার ভাষায় “কঠিন” বলে উল্লেখ করেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, শহরটির বড় এলাকাই ধ্বংস হয়ে গেছে। লবণের খনিসমৃদ্ধ এ শহর রুশ দখলে চলে গেলে তা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাখমুট শহরটি ঘিরে ফেলতে রুশ সেনাদের সহায়তা করবে। সেইসঙ্গে বাখমুত শহরটিতে রসদপত্র সরবরাহের জন্য নিকটবর্তী স্লোভিয়ানস্কের সঙ্গে গুরুত্বপূর্ণ সংযোগপথটিও প্রায় বিচ্ছিন্ন হয়ে যাবে।