বগুড়ার গাবতলীতে দুইদিনের ব্যবধানে অজ্ঞাতনামা আরো এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরসকালে পৌরসভাধীন সোন্দাবাড়ী মাদ্রাসা মোড় গাবতলী-সারিয়াকান্দী পাকা সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, গত সোমবার রাতে সোন্দাবাড়ী ঈদগাহ মাঠে ইসলামি জালসা ছিলো। ওই জালসায় হাজারো মুসল্লীর সমাগম ছিলো। অনেকের ধারনা, বালু বোঝাই ট্রাকচাপায় সড়ক দূর্ঘটনায় এই মৃত্যু হতে পারে। মৃত ব্যক্তিটির মাথা, মুখ-মন্ডল ও বুক থেতলে গেছে। খবর পেয়ে মডেল থানার এস.আই জহুরুল ইসলাম আজ সকালে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। পিবিআই কর্মকর্তারা থানায় এসে মৃত ব্যক্তির আঙ্গুলের ছাপ নিয়েও পরিচয় উদ্ধার করতে সক্ষম হয়নি। এ ব্যাপারে মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, মঙ্গলবার ভোর ৫টায় সোন্দাবাড়ী মাদ্রাসা মোড়ে সড়ক দূর্ঘটনায় ৩৫বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়ায় পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, ৩১ডিসেম্বর সকালে পৌরসভাধীন ভবের বাজার এলাকায় বগুড়া থেকে লালমনিহাটগামী ট্রেন থেকে পড়ে অজ্ঞাতনামা এক মহিলার মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৯ ডিসেম্বর গাবতলীর নাড়–য়ামালায় প্রবাসীর স্ত্রী ফোনে কথা বলার সময় ঘন কুয়াশায় লালমনিহাটগামী ট্রেনের ধাক্কায় স্ত্রী সুমাইয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ মারা যান। মৃত সুমাইয়া আক্তার গাবতলীর নাড়–য়ামালা গ্রামের শামীম মিয়ার স্ত্রী ছিলেন।