হেফাজতের যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রী অবশ্যই দেখবেন

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা যে সাত দফা দাবি জানিয়েছেন তার মধ্যে যৌক্তিক দাবিগুলো অবশ্যই দেখবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির ৬ষ্ঠ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

গতকাল (শনিবার) প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজতে ইসলামের নেতারা বৈঠক করেছেন, আপনিও সেখানে ছিলেন। তাদের দাবি-দাওয়ার বিষয়ে যদি বলতেন— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দাবি-দাওয়া তো আপনাদের জানার কথা নয়। প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তাদের সন্তুষ্ট করেছেন। তাদের আলাপ-আলোচনার মাধ্যমে জানিয়েছেন তাদের দাবি-দাওয়া যেগুলো যৌক্তিক সেগুলো তিনি অবশ্যই দেখবেন, সেগুলো করে দেবেন আর যেগুলো একটু সময় লাগবে সেগুলো তিনি নজরে আনবেন।’

মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তার বিষয়ে একটি প্রশ্ন উঠেছে সেক্ষেত্রে আপনারা কি করছেন— এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত প্রসঙ্গে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এরপর আমার মনে হয় আমার আর ব্যাখ্যার প্রয়োজন নেই।’

‘প্রথম কথা হচ্ছে তার নিরাপত্তার কোনো ঘাটতি পড়েনি। সেখানে আমাদের পুলিশ বাহিনী ছিল। পুলিশ বাহিনী যখনই শুনেছে একজন মার্কিন রাষ্ট্রদূত সেখানে যাচ্ছেন, পুলিশ বাহিনীর কর্তব্য হয়ে গিয়েছিল সেখানে যেতে। আপনারা যদি ওই ইয়েগুলো (ভিডিও) দেখে থাকেন সেখানে দেখবেন আমাদের ওসি পোশাক পরার আগেই দৌড়ে সেখানে সিভিল ড্রেসে চলে গিয়েছিলেন। কাজেই পুলিশও সেখানে চলে গিয়েছিল। এখানে তার নিরাপত্তার অভাব ঘটেছে বলে আমার কাছে কোনো রিপোর্ট আসেনি।’

আজকে ছিল বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা–সম্পর্কিত জাতীয় কমিটির ষষ্ঠ সভা। সভার সিদ্ধান্ত সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের নেটওয়ার্ক ব্যবহার করা হয়। সেটাকে নিরুৎসাহিত করার জন্য একটি কমিটি করা হয়েছে।

এটি করা থেকে যাতে বিরত থাকে, বাংলাদেশের নেটওয়ার্ক যাতে ব্যবহার করে, সে বিষয়ে কাজ করবে কমিটি।

এ রকম আরও কিছু সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023