উত্তরাঞ্চলীয় আফগানিস্তানের বৃহৎ শহরে এক বাসে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দেশটির এক কর্মকর্তা এবং বিস্ফোরণে বেঁচে যাওয়া ব্যক্তিরা বলেছেন, রাস্তার পাশে রাখা বোমা বিস্ফোরণে পেট্রোলিয়াম কোম্পানির সাতজন কর্মী নিহত হয়েছেন। দেশটির এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, মাজার-ই-শরীফে মঙ্গলবারের বিস্ফোরণ সকাল সাত টা নাগাদ ঘটেছে। এই শহরটি নীল মসজিদের কারণে বিখ্যাত।
হামলায় বেঁচে যাওয়া আজিম এএফপিকে বলেছেন, আমি ফোনে কোরআন পড়ছিলাম। এ সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আহত হওয়া মোহাম্মদ হানিফ বলেন, ওই সময় বাসে ৫২ জন যাত্রী ছিল।
বালখ প্রদেশের পুলিশ বিভাগের মুখপাত্র আসিফ ওয়াজিরি বলেন, বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ছয়জন। তিনি আরও বলেন, বোমাটি রাস্তার পাশে একটি মালবাহী গাড়িতে রাখা ছিল, এর পর বাসটি পৌঁছালে বিস্ফোরণ ঘটে।