বান্দরবানের দুই উপজেলা রুমা ও রোয়াংছড়িতে ‘নিরাপত্তার স্বার্থে’ আজ (মঙ্গলবার) থেকে অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের আগমন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন শিবলী এবং রোয়াংছড়ির ইউএনও খোরশেদ আলম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
সম্প্রতি র্যাবের পক্ষ থেকে ঢাকায় সংবাদ সম্মেলন করে জানানো হয়, দেশের কয়েকটি জেলা থেকে ‘নিখোঁজ তরুণরা’ পাহাড়ে একটি সশস্ত্র দলের ছত্রছায়ায় জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে। এরপর থেকে রুমা ও রোয়াংছড়ি দুই উপজেলার সীমান্তের দুর্গম এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে।
অভিযোগ রয়েছে, নতুনভাবে গড়ে উঠা কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামে একটি সশস্ত্র দলে ‘নিখোঁজ তরুণরা’ জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে।
এই অবস্থার মধ্যেই এ দুই উপজেলায় পর্যটকদের আসতে মানা করে দিয়েছে উপজেলা প্রশাসন।
রুমার ইউএনও মামুন শিবলি বলেন, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার থেকে রুমা উপজেলার সব পর্যটন কেন্দ্রে পর্যটকদের আগমন বন্ধ করে দেয়া হচ্ছে। এ ব্যাপারে মঙ্গলবার অফিসিয়াল বিজ্ঞপ্তি দেয়া হবে।
“গাইডদের বলে দেয়া হয়েছে, সব পর্যটক মঙ্গলবারের মধ্যে যেন ফিরে আসে। তাছাড়া যারা বগা লেকের মত জায়গায় অবস্থান করছেন সেখান থেকে আবার কেওক্রাডং পাহাড়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সব ভ্রমণ বাতিল করে মঙ্গলবার ফিরে আসতে হবে। আর নতুন করে কেউ প্রবেশ করতে পারবেন না।”
গাইড এবং পর্যটন সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান রোমার ইউএনও।
রোয়াংছড়ির ইউএনও খোরশেদ আলম চৌধুরী বলেন, “কোন পরিস্থিতির জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে এটা বলা যাবে না। মূলত নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য পর্যটক আগমন বন্ধ করে দেয়া হয়েছে।”
বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান, যৌথ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার কারণে নিরাপত্তার স্বার্থে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিরুউৎসাহিত করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় অভিযান শেষ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এটা বলবৎ থাকবে। তবে রুমা ও রোয়াংছড়ি উপজেলা বাজার স্থানীয় ও ব্যবসায়ীদের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।