প্রস্তুতি ম্যাচে মাঠে নামছেন টাইগাররা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

ছোট ক্রিকেটের বড় আসর শুরু হয়ে গেছে। গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল নামিবিয়া-শ্রীলংকা। গ্রুপ পর্বের খেলা শেষে শুরু হবে সুপার টুয়েলভের লড়াই। বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে আগামী ২৪ অক্টোবর। তার আগে ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করে নেওয়ার সুযোগ পাবেন তারা। বিশ্বকাপের অফিসিয়াল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ মাঠে নামছেন টাইগাররা। ব্রিসবেনে প্রথম ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ আফগানিস্তান। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজ খেলে ব্রিসবেন গেছেন টাইগাররা। সেখানে গতকাল অনুশীলন করেছেন সাকিব, লিটনরা। প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নেওয়াটাই বাংলাদেশের লক্ষ্য। বিশ^কাপের মূল মঞ্চে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করতে হবে সাকিবদের। কঠিন পরীক্ষায় দিতে হবে। তার পরও এবারের বিশ্বকাপের ভালো করার আশা সাকিবদের।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও আফগানিস্তান মোট ৯টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশের জয় ৩টি; আফগানিস্তানের ৬টি। অবশ্য এটি আন্তর্জাতিক ম্যাচ নয়, প্রস্তুতি ম্যাচ। এমন ম্যাচ খেলার মধ্য দিয়ে নিজেদের ভুল-ত্রুটিগুলো খুঁজে বের করা এবং তা সংশোধন করা যায়। তা ছাড়া প্রস্তুতি ম্যাচ জিতলে খেলোয়াড়দের আত্মবিশ^াস বাড়ে। বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে ব্যাটিং বিভাগ নিয়েই বেশি ভাবতে হচ্ছে। বিশেষ করে ওপেনিং জুটি ঠিক জমছে না। ত্রিদেশীয় সিরিজের চারটি ম্যাচেই ব্যাটিং অর্ডারে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন টিম ম্যানেজমেন্ট। তারা সঠিক কম্বিনেশন খুঁজে পেয়েছেন, যার প্রয়োগ দেখা যেতে পারে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ থেকেই। এ ছাড়া ডেথ ওভারে বোলিং নিয়ে ভাবনার পাশাপাশি ফিল্ডিং নিয়েও কাজ করার আছে। অস্ট্রেলিয়ায় প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা নিতে যাচ্ছেন সাকিবরা। প্রস্তুতি ম্যাচ খেলে যতটা পারা যায় নিজেদের সর্বোচ্চ প্রস্তুতিটাই নেওয়ার চেষ্টা করবেন তারা।

অবশ্য বিশ্বকাপে অংশ নিতে অস্ট্রেলিয়া যাওয়ার আগে বেশ ভালোই প্রস্তুতি নিয়েছেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। দুবাইয়ে আমিরাতের বিপক্ষে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এর পর ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড, পাকিস্তানের সঙ্গে অংশ নিয়েছে ত্রিদেশীয় সিরিজে। যদিও ত্রিদেশীয় সিরিজের চারটি ম্যাচেই হারের তেতো স্বাদ পেতে হয়েছে। তার পরও নিজেদের প্রস্তুতিতে সন্তুষ্টির কথাই বলেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এমনকি বিশ^কাপে অধিনায়কদের ফটোসেশনেও একই কথা বলেছেন তিনি। মেলবোর্নে সাকিব বলেছেন, ‘আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি। আমরা ক্রাইস্টচার্চে দুটি খুব ভালো দলের (নিউজিল্যান্ড ও পাকিস্তান) বিপক্ষে চারটি ম্যাচ খেলেছি, তাই আমরা জানি যে অস্ট্রেলিয়াতে ভালো পারফরম করার জন্য আমাদের কী করতে হবে এবং আমরা ভালো করার জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েছি।’ প্রসঙ্গত ব্রিসেবেনে আগামী বুধবার নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023