শিরোনাম :

সারাদেশেই থাকতে পারে বৃষ্টি, তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২ অক্টোবর, ২০২২

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বেড়েছে। রোববার (২ অক্টোবর) সারাদেশেই বৃষ্টি হতে পারে, এজন্য দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির এ প্রবণতা আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

গত কয়েকদিন ধরে চট্টগ্রাম ছাড়া প্রায় সারাদেশ বৃষ্টিহীন। এতে গরম অনেকটাই বেড়ে গিয়েছিল। এরই মধ্যে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দেয় আবহাওয়া বিভাগ।

শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী ছাড়া সারাদেশে বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

শেষ রাতে মুহুর্মুহু বজ্রপাতে ঢাকায় ভয়ার্ত পরিবেশের সৃষ্টি হয়। বিজলি চমকানির সঙ্গে টানা বজ্রপাতের শব্দে কানে তালা লাগার অবস্থা নগরবাসীর, সঙ্গে ছিল বৃষ্টি। বৃষ্টিতে স্বস্তি ফিরেছে ঢাকায়। ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার আকাশ থেকে মেঘ কেটে যেতে থাকে।

সকালে বৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছিলেন অফিসগামী মানুষ। অনেকে অফিসে গেছেন বৃষ্টিতে ভিজে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মধ্য-বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে তুলে ধরে তিনি জানান, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে পারে জানিয়ে আবুল কালাম বলেন, আগামী তিনদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল তাড়াশ ও সৈয়দপুরে।

রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে হালকা বৃষ্টি হতে পারে। রোববার ঢাকায় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এছাড়া রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023