সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের কারণে সৌদি আরবে নুরাহ আল-কাহতানি নামের এক নারীকে ৪৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সৌদির আদালতের নথির উদ্ধৃতি দিয়ে একটি অধিকার গোষ্ঠী এ তথ্য দিয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সামাজিক কাঠামো ভাঙতে ইন্টারনেট ব্যবহার এবং সামাজিক মাধ্যমের মাধ্যমে জনশৃঙ্খলা লঙ্ঘনের দায়ে নুরাহকে দোষী সাব্যস্ত করা হয়।
ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউ (ডিএডব্লিউএন) নামের অধিকার গোষ্ঠীর মতে, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে সৌদি আরবে এ ধরনের দ্বিতীয় ঘটনা ঘটল। নুরাহর কারাদণ্ডের বিষয়ে সৌদির আদালতের নথির একটি অনুলিপি প্রকাশ করেছে ডিএডব্লিউএন।
কিন্তু এই নথির বিষয়বস্তু যাচাই করতে পারেনি এএফপি।
নুরাহকে ২০২১ সালের জুলাইয়ে গ্রেপ্তার করা হয়। তিনি দেশটির বিশেষায়িত ফৌজদারি আদালতে দোষী সাব্যস্ত হন। চলতি মাসে আপিলে তার গুরুদণ্ড হয়।