ভোটের মাঠের সহিংসতা ইসি বন্ধ করতে পারবে না: সিইসি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৭ জুলাই, ২০২২

ভোটের মাঠের সহিংসতা নির্বাচন কমিশন (ইসি) বন্ধ করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সিইসি বলেন, ‘আমাদের অনেক ক্ষমতা আছে। ক্ষমতা কিন্তু কম না। কিন্তু আপনাদের (রাজনীতিবিদ) দায়িত্ব নিতে হবে। এখানে খেলোয়াড় হচ্ছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আপনারা মাঠে যাবেন, খেলবেন। আমরা (ইসি) হলাম রেফারি।’

রোববার (১৭ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠকে তিনি এসব কথা বলেন। এসময় ভোটের মাঠে সহিংসতা রোধে রাজনৈতিক দলগুলোকে পদক্ষেপ নিতে হবে বলে ইঙ্গিত দেন সিইসি।

নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটের মাঠে নিয়ম লঙ্ঘন করে কেউ যদি তলোয়ার নিয়ে দাঁড়ান, তাহলে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকেও রাইফেল অথবা তলোয়ার নিয়ে দাঁড়ানোর পরামর্শ দেবো।’

সিইসির এমন বক্তব্যের পর এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ‘আইনে আমাদের শটগান নিয়ে দাঁড়ানো পারমিট করে না।’

এনডিএমের প্রতিনিধিদের উদ্দেশে সিইসি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাচ্ছি, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের দায় আমাদের ওপরে চাপাবেন না। আমরা আমাদের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের দায়টা বহন করবো।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সরকার সহায়তা না করলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিণতি মন্দ হতে পারে। তবে ইসি আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক করতে সর্বাত্মক চেষ্টা করবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023