উড়োজাহাজের জ্বালানির দাম লিটারে বাড়ল ১৯ টাকা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

দেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আরেক দফা বেড়েছে। এবার ১৯ টাকা বেড়ে প্রতি লিটার জেট ফুয়েলের দাম হয়েছে ১৩০ টাকা। নতুন দাম কার্যকর হয়েছে ৯ জুলাই থেকে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ওয়েবসাইটে এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।

সর্বশেষ গত ১০ জুন জেট ফুয়েলের দাম বেড়েছিল। তখন ৫ টাকা বেড়ে প্রতি লিটার জেট ফুয়েলের দাম হয়েছিল ১১১ টাকা। এর আগে ১৭ মে জেট ফুয়েলের দাম বেড়েছিল। তখন ৬ টাকা বেড়ে উড়োজাহাজের জ্বালানির দাম হয়েছিল ১০৬ টাকা প্রতি লিটার।

 

বিপিসি সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ গন্তব্যের ফ্লাইটের ক্ষেত্রে দাম বেড়েছে জেট ফুয়েলের। দাম বাড়ানোর পর বর্তমানে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েল কিনতে খরচ হচ্ছে ১৩০ টাকা।

গত ৭ এপ্রিল জেট ফুয়েলের দাম বেড়ে হয় ১০০ টাকা। এর আগে গত ৮ মার্চ জেট ফুয়েলের দাম প্রতি লিটার ৮০ টাকা থেকে বেড়ে হয় ৮৭ টাকা হয়। এক মাস আগে ৯ ফেব্রুয়ারি জ্বালানিটির দাম ৭৩ টাকা থেকে ৮০ টাকা করা হয়েছিল। গত বছরের ডিসেম্বর ও আগস্টেও দাম বাড়ানো হয়েছিল। ২০২১ সালের এপ্রিলে জেট ফুয়েলের দাম ছিল প্রতি লিটার ৬১ টাকা।

ফ্লাইট পরিচালনা ব্যয়ের একটা বড় অংশ নির্ভর করে জেট ফুয়েলের দামের ওপর। জেট ফুয়েলের দাম বাড়লে এয়ারলাইনস পরিচালনার খরচও বেড়ে যায়। এর জেরে বাড়ে টিকিটের দাম।

গত দুই বছরে জেট ফুয়েলের দাম বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে। তার প্রভাব পড়েছে টিকিটের দামে। ঢাকা থেকে অভ্যন্তরীণ গন্তব্যগুলোয় উড়োজাহাজের ভাড়া বেড়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023