বগুড়ায় বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ মিথুন খান ওরফে মিথুন বিহারী ওরফে লিটন বিহারী (৩৫) নামে এক ‘কুখ্যাত’ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টায় শহরের দক্ষিণ আটাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লিটন শহরের লতিফপুর কলোনী এলাকার মৃত নেহাল খান ওরফে নেহাল বিহারীর ছেলে।
মঙ্গলবার নিজ কার্যালয়ে সংবাদ সন্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘ দিন যাবৎ বগুড়া শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের আটাপাড়া দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি লিটনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ।
এসপি আরও জানান, গ্রেপ্তারকৃত লিটনের বিরুদ্ধে খুনসহ ডাকাতি, অপরহণ, মাদক ও একাধিক চাঁদাবাজি মামলা রয়েছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।