ট্রাকচাপায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় নিহতের মামা মো. মুন্না বলেন, হিমেল খুব অল্প বয়সে দুনিয়া ছেড়ে চলে গেলেন। এটা মেনে নেয়া কষ্টকর। আমার বোন আগে স্বামীহারা ছিলেন, আর এখন সন্তানহারা হয়ে গেলেন। এই কষ্ট মেনে নেয়া কঠিন। তবে ভবিষ্যতে যেন এমন কোনো দুর্ঘটনা না ঘটে
জানাজা শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘সন্তানহারা পিতার পক্ষে বক্তব্য দেয়া কঠিন৷ আজ আমার লাশ হিমেলের কাঁধে নেয়ার কথা ছিল। কিন্তু পিতার কাঁধে সন্তানের লাশ যে কতো ভারী…! আমরা চাই, এভাবে যাতে আর কোনো ‘হিমেল’ যেন মারা না যায়।
ক্ষতিপূরণের বিষয়ে উপাচার্য বলেন, আমরা হিমেলের মায়ের সকল দায়িত্বও নিয়েছি। শিক্ষার্থীরা যেসকল দাবি উত্থাপন করেছেন সেসব দাবি মেনে নিবো৷ আজকের মধ্যেই হিমেলের মায়ের ব্যাংক একাউন্টে ৫ লক্ষ টাকা ট্রান্সফার করা হবে। বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির বৈঠকের মাধ্যমে আরও আর্থিক সহায়তা দেয়া হবে। সেইসাথে হিমেলের মায়ের সকল ব্যয়ভার বহন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা যায় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।