গত মঙ্গলবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ অপহরণ মামলার আসামি সহ ৮ জনকে গ্রেফতার করেছে। সেই সাথে অপহৃতা (১৭) উদ্ধার করেছে।
থানা সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর রাতে উপজেলার জোহাল মাটাই গ্রামের কিশোরীকে একই গ্রামের মৃত মাহফুজ রহমানের ছেলে আরিফুল ইসলাম বিভিন্ন প্রলোভন দিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ বিষয়ে তার মা শারমিন আক্তার ২ জনকে আসামি করে অপহরণ সহ ধর্ষণের অভিযোগ এনে বগুড়া আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে নিয়মিত হিসাবে গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানায় নথিপত্র প্রেরণ করেন। গত মঙ্গলবার থানায় মামলা রেকর্ড করেই তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুর রশিদ সরকার মাটাই এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আরিফুল ইসলামকে (১৯) গ্রেফতার সহ তার হেফাজতে থাকা অপহৃতাকে উদ্ধার করেন। অপর দিকে পুলিশ গত মঙ্গলবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা সেবনকারী সহ ৭ জনকে গ্রেফতার করেন। এরা হলো মাদক বিক্রেতা উপজেলার ঝাঁজিড়া গ্রামের মৃত তছির উদ্দীনের ছেলে মহির উদ্দীন (৩৮), রেজাউল ইসলামের ছেলে মিজানুর রহমান কলম (২৫), সেবনকারী তালুচ গ্রামের দুলাল হোসেনের ছেলে সাদিকুল ইসলাম (২২), জিয়ানগর সোনারপাড়ার দেলোয়ার হোসেনের ছেলে মজনু হোসেন (৪৫), জাঙ্গালপাড়ার মৃত ইছাহাক আলীর ছেলে ইমরান (২৬) ও সন্দেহজনক ঝাঁজিড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৪০) ও চৌধুরীপাড়ার মনছুর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৩৫)। থানা অফিসার ইনচার্জ হাসান আলী জানান, গতকাল বুধবার অপহৃতাকে জবানবন্দী প্রদানের জন্য আদালতে ও ডাক্তারী পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেই সাথে গ্রেফতারকৃতদেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।