বগুড়ার আদমদীঘিতে পাথরবোঝাই ট্রাকের চাপায় মিরাজুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি গ্রামীণ ব্যাংকের রানীনগর জোনের এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ছাতনী-ঢেকরা মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজুল পাবনার বেড়া উপজেলার খাকছারা গ্রামের মতিবর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে তিনি এক সহকর্মীকে নিয়ে মোটরসাইকেলে নওগাঁর উদ্দেশে যাচ্ছিলেন। পথে ছাতনী-ঢেকড়া মোড়ে পৌঁছলে অপরদিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল থেকে পড়ে মিরাজুলের একটি হাত চাকায় পিষ্ট হয়ে বিচ্ছিন্ন হয়। মোটরসাইকেলের পেছনে বসা সহকর্মীও আহত হয়। মিরাজুলকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। মোটরসাইকেলটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে, মামলা প্রক্রিয়াধীন।