স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে কোনো ব্যক্তির মৃত্যু হয়নি। এ নিয়ে গেল চার দিন জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো তথ্য নেই স্বাস্থ্য দপ্তরের কাছে। এদিকে জেলায় গত ২৪ ঘন্টায় শনাক্তের হার আরও কমেছে। ২৩৮ নমুনায় করোনায় শনাক্ত হয়েছেন ৩জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ২৬ শতাংশ। যা গতকাল ছিল ১ দশমিক ৫৬ শতাংশ। বগুড়া সিভিল সার্জন অফিস জানায়, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) থেকে আসা ২৩৮টি নমুনার মধ্যে ৩জন করোনায় শনাক্ত হয়েছেন। নতুন ৩জনের সবাই সদরের বাসিন্দা। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৫৩১জনে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা না যাওয়ায় মোট মৃত্যু ৬৮৫জনে অপরিবর্তিত রয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন একজন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ হাজার ৮৩৫জন।